প্রতিবন্ধী শিশু ও যুবদের পিছিয়ে রেখে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক এ কে এম তারেক। তিনি বলেছেন, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে হলে উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি এবং যুবদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিআরডিবি ভবনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও বিআরডিবি যৌথভাবে ‘সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অন্তর্ভুক্তি’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।
এ কে এম তারেক বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়ন কার্যক্রমের বাইরে রাখার সুযোগ নেই। তাদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে মতামত দেয়ার সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে।
কর্মশালায় সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং তাদের নিজস্ব দক্ষতা ও সম্ভাবনা রয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকে অতিরিক্ত কোনো কার্যক্রম হিসেবে নয়, বরং মৌলিক দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে সিডিডি ও বিআরডিবি যৌথভাবে কাজ করছে। এ লক্ষ্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
কর্মশালায় বিআরডিবির কর্মকর্তা ছাড়াও প্রতিবন্ধী যুব, তাদের পরিবারের সদস্য এবং উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা ও সিরডাপের প্রতিনিধিরা অংশ নেন।
