৫ই ডিসেম্বর ঢাকায় বসছে সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং সিম্পোজিয়াম

৫ই ডিসেম্বর ঢাকায় বসছে সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং সিম্পোজিয়াম

ফন্ট সাইজ:

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সফটওয়্যারের মান নিয়ন্ত্রণ, পরীক্ষা ও দক্ষ জনবল তৈরির গুরুত্ব তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’। আগামী ৫ই ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বাংলাদেশে আসছেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার। এ ছাড়া সংস্থাটির সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনুও অংশ নেবেন।

মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সিম্পোজিয়ামের আহ্বায়ক ড. কে এম হাসান রিপন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসটিবির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সিম্পোজিয়ামের প্রতিপাদ্য ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’। এতে দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশল ও মান নিয়ন্ত্রণ বিভাগের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা, প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা (সিআইও/সিটিও), প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদেরা অংশ নেবেন।

দিনব্যাপী আয়োজনে থাকবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপন, প্লেনারি সেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন ও কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংবিষয়ক আলোচনা। পাশাপাশি পেশাগত যোগাযোগ, সার্টিফিকেশন এবং কর্মজীবনের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। অংশগ্রহণকারীদের আইএসটিকিউবির গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগারের স্বাক্ষরিত অংশগ্রহণ সনদ দেয়া হবে।

আয়োজকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সফটওয়্যারের নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও মান নিশ্চিত করার প্রয়োজনীয়তাও বাড়ছে। এ খাতে দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক কর্মবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএসটিবির পক্ষ থেকে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখতে চায় সংস্থাটি। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স (কিউএ) ও টেস্টিং খাতকে দক্ষ কর্মসংস্থান, আন্তর্জাতিক প্রকল্প এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি বৃদ্ধির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সিম্পোজিয়ামের একাডেমিক পার্টনার হিসেবে থাকছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পরীক্ষা ও ওয়েবভিত্তিক প্রশিক্ষণ অংশীদার হিসেবে রয়েছে জার্মানির আইএসকিউআই। প্রযুক্তি অংশীদার হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও টেকএক্স-ওবিটোপিয়া গ্রুপ। ক্যারিয়ার পার্টনার হিসেবে থাকছে স্কিল ডট জবস ও বিডিজবস ডটকম।