মুরগিকে বাঁচাতে ব্রেক, আহত যাত্রীকে উল্টো দিতে হলো ১৫ হাজার ডলার!

মুরগিকে বাঁচাতে ব্রেক, আহত যাত্রীকে উল্টো দিতে হলো ১৫ হাজার ডলার!

ফন্ট সাইজ:

রাস্তা পার হচ্ছিল একটি মুরগি। সেটিকে বাঁচাতে হঠাৎ ব্রেক কষেন গাড়িচালক। এতে আহত হন গাড়ির এক নারী যাত্রী। পরে চালকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করেন তিনি। কিন্তু আদালত জানিয়ে দিয়েছেন, এ ঘটনায় চালককে দায়ী করা যায় না। উল্টো মামলার খরচ বাবদ ওই নারীকে ১৫ হাজার সিঙ্গাপুরি ডলার দিতে নির্দেশ দেয়া হয়েছে। সিঙ্গাপুরের একটি আদালত এ রায় দিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ) জানিয়েছে, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি ইয়োভন চেন কিয়ানইউন নামের ওই নারী ব্যক্তিগত একটি গাড়িতে যাতায়াত করছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন ট্যান টেং কিয়াত। হঠাৎ গাড়ির সামনে একটি মুরগি চলে এলে দুর্ঘটনা এড়াতে চালক ব্রেক কষেন। এতে আহত হন ওই নারী।

পরে চালকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা করেন চেন। তবে জেলা বিচারক জোনাথন এনজি পাং এরন মামলাটি খারিজ করে দেন।

মুরগিটি উড়েছিল, নাকি হাঁটছিল?

ঘটনার বর্ণনা নিয়েও চালক ও যাত্রীর মধ্যে মতবিরোধ ছিল। চালক ট্যানের দাবি, মুরগিটি উড়ে এসে গাড়ির সামনে পড়েছিল। কিন্তু চেনের বক্তব্য, মুরগিটি আগে থেকেই সড়কের ওপর ছিল।

পাখিটির পরিচয় নিয়েও দুজনের মত এক ছিল না। চেনের দাবি, সেটি ছিল বুনো মুরগি বা জঙ্গল ফাউল। অন্যদিকে চালক বলেছিলেন, সেটি একটি মোরগ।
তবে বিচারক বলেন, মুরগিটির রাস্তা পার হওয়ার কারণেই সামনের গাড়িটি ব্রেক কষেছিল—এ বিষয়ে কোনো বিরোধ নেই। সংঘর্ষ এড়াতে ট্যানও ব্রেক চাপেন। এর ফলে চেন আহত হন। তবে রায়ের নথিতে তার আঘাতের ধরন বিস্তারিত জানানো হয়নি।

বিচারক এনজি বলেন, ওই পরিস্থিতিতে চালকের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করার সুযোগ ছিল না। তাই দুর্ঘটনার জন্য তাকে অবহেলার দায়ে অভিযুক্ত করা যায় না।

‘সব ক্ষতির জন্য কাউকে দায়ী করা যায় না’

রায় দিতে গিয়ে বিচারক বলেন, ‘একটি মুরগি রাস্তা পার হয়েছিল বলেই এই মামলার বিচার করতে হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘প্রতিটি ক্ষতির জন্য আইন কাউকে না কাউকে দায়ী ব্যক্তি হিসেবে খুঁজে বের করতে চায় না। অসম্পূর্ণ এই পৃথিবীতে কিছু ক্ষতি এমন থাকে, যার দায় কাউকে নিতে হয় না।’

বিচারকের ভাষায়, ‘একটি মুরগির রাস্তা পার হওয়ার কারণে সৃষ্ট এই ঘটনা দুর্ভাগ্যজনক হলেও নিঃসন্দেহে জীবনের অনিবার্য উত্থান-পতনেরই অংশ।’
আদালত চেনকে ‘নির্দোষ যাত্রী’ হিসেবে উল্লেখ করলেও চালককে দায়ী করেননি।
মামলাটি খারিজের পাশাপাশি আইনি খরচ বাবদ তাকে ১৫ হাজার সিঙ্গাপুরি ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন বিচারক। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম ‘দ্য স্ট্রেইটস টাইমস’ এ খবর প্রকাশ করেছে।