ইয়েমেনে বাস-ট্রাকে ‘সৌদির’ অতর্কিত বিমান হামলা, নিহত ২৬

ইয়েমেনে বাস-ট্রাকে ‘সৌদির’ অতর্কিত বিমান হামলা, নিহত ২৬

ফন্ট সাইজ:

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস ও ট্রাকে বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সোমবার লাহজ প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় কর্মকর্তারা জানান, সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমান সোমবার (২৩ নভেম্বর) লাহজ প্রদেশে হুতিদের কয়েকটি যানবাহন লক্ষ্য করে হামলা চালায়।

এক কর্মকর্তা বলেন, যুদ্ধবিমান দুটি হুতিদের মালিকানাধীন দুটি যানবাহনে হামলা চালায়। ওই সময় একটি ট্রাক ও একটি বাস সেখান দিয়ে যাচ্ছিল। এলাকাটি যুদ্ধের সম্মুখসারিতে অবস্থিত। হামলায় ১২ জন হুতি যোদ্ধা ও ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দ্বিতীয় কর্মকর্তাও নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থলে আগুনে পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেছেন তারা।

হুতিদের সামরিক মুখপাত্র এ হামলার জন্য সৌদি বিমানবাহিনীকে দায়ী করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ হামলার জবাব দেয়া হবে।

তবে ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, হামলাটি হুতিরাই চালিয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজলি বলেন, ইরানপন্থি গোষ্ঠীটি এমন একটি সড়কে বেসামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলোতে সামরিক ব্যবহারের কোনো চিহ্ন ছিল না। সড়কটি স্থানীয় মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।