বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এনডিএফ’র সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এনডিএফ’র সেমিনার অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে মঙ্গলবার ঢাকার বাংলামটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারের এনডিএফ কেন্দ্রীয় কার্যালয়ে ‘World Diabetes Day Commemorative Seminar​’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “Diabetes Care in the Early Stage”। প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, এমপি। তিনি বলেন, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের উরধনবঃবং অঃষধং অনুযায়ী, বাংলাদেশে ২০-৭৯ বছর বয়সী আনুমানিক ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। উদ্বেগজনক বিষয় হলো, তাদের প্রায় ৩৯.১ শতাংশই জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ, প্রায় ৫৪ লাখ মানুষ নিজের অজান্তেই এই রোগ বহন করছেন। এটি শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, বরং বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি প্রতীক ইজাজ বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা আরো সহজবোধ্য ভাষায় মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম অগ্রণী ভূমিকা পালন করতে পারে। রাজনৈতিক পটপরিবর্তনে জাতীয় স্বাস্থ্যনীতি এবং স্বাস্থ্যখাত রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকালে সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু ঊর্মি বলেন, ডায়াবেটিস শুধু রক্তে শর্করা বৃদ্ধির রোগ নয়, এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর নীরব ঘাতক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদ্যন্ত্র, কিডনি, চোখ, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। তিনি বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফাস্টফুড ও কোমল পানীয় গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা এবং অনিয়মিত জীবনযাপনের কারণে তরুণ প্রজন্মও ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি গর্ভকালীন ডায়াবেটিস মা ও শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও জটিলতা এড়াতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত রক্তের গ্লুকোজ, চোখ, কিডনি ও হৃদ্যন্ত্র পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইবনে সিনা মেডিকেল কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি. এম. মকবুল হোসাইন, একই প্রতিষ্ঠানের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল মুকীত এবং ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

ন্যাশনাল ডক্টরস ফোরাম মনে করে, ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। সময়মত রোগ শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসজনিত নানা জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সেমিনারে প্রায় ১৫০ জনেরও অধিককে ফ্রী ডায়েবেটিস পরীক্ষা করা হয়েছে।