২০২৬ সালের ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ‘দ্য গাম্বিয়া ভার্সাস মিয়ানমার’ মামলায় রায় ঘোষণা করেন। আদালত ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী বলে সিদ্ধান্ত দেয়। জাতিসংঘ সনদ অনুযায়ী, আইসিজের রায় বাস্তবায়ন নিশ্চিত করার প্রধান প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হলো নিরাপত্তা পরিষদ। এ কারণে জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ, বিশেষ করে এর দ্বিতীয় দফা, গাম্বিয়ার পরবর্তী কূটনৈতিক ও আইনি পদক্ষেপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, আইসিজের কোনো মামলায় পক্ষভুক্ত প্রতিটি রাষ্ট্র আদালতের রায় মেনে চলতে বাধ্য। মিয়ানমার জাতিসংঘের সদস্যরাষ্ট্র এবং এই মামলার একটি পক্ষ হওয়ায় রায় বাস্তবায়ন করা তার আইনগত দায়িত্ব। মিয়ানমারের সরকার রাজনৈতিকভাবে আদালতের সিদ্ধান্ত মেনে নিক বা না নিক, এই বাধ্যবাধকতা বহাল থাকবে।
অন্যদিকে, ৯৪(২) অনুচ্ছেদে রায় বাস্তবায়নের একটি নির্দিষ্ট পথ দেখানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো পক্ষ আইসিজের রায় অনুযায়ী তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে অপর পক্ষ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। সে ক্ষেত্রে পরিষদ রায় কার্যকর করার জন্য সুপারিশ করতে পারে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে। ফলে গাম্বিয়াকে নতুন করে আইসিজেতে আরেকটি মামলা করতে হবে না। মামলার আবেদনকারী রাষ্ট্র হিসেবে তারা সরাসরি ৯৪(২) অনুচ্ছেদ প্রয়োগের দাবি জানিয়ে মিয়ানমারের রায় অমান্যের বিষয়টি নিরাপত্তা পরিষদে তুলতে পারে।
গাম্বিয়ার প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ৯৪(২) অনুচ্ছেদের আওতায় জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানানো। ওই চিঠিতে আইসিজের মামলার পরিচয়, ১৯ নভেম্বর ২০২৬-এর রায়, মিয়ানমারের আইনগত বাধ্যবাধকতা এবং রায় বাস্তবায়নে দেশটির যেসব ব্যর্থতা এখনো রয়ে গেছে, তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে বিষয়টি নিরাপত্তা পরিষদের অস্থায়ী আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাতে হবে। চিঠিটি নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক নথি হিসেবে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে প্রচার করা উচিত। পরিষদের কার্যপ্রণালির অস্থায়ী বিধিমালার ৬ ও ৭ নম্বর বিধিতে এ ধরনের যোগাযোগ সদস্যদের সামনে উপস্থাপন এবং অস্থায়ী আলোচ্যসূচি প্রস্তুতের প্রাসঙ্গিক নিয়ম রয়েছে।
গাম্বিয়া বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য না হলেও এ বিষয়ে আলোচনায় অংশ নিতে পারে। জাতিসংঘ সনদের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, পরিষদে বিবেচনাধীন কোনো বিরোধের পক্ষভুক্ত রাষ্ট্র ভোটাধিকার ছাড়াই আলোচনায় অংশ নিতে পারে। মিয়ানমারকেও নিজের অবস্থান তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে। অন্যদিকে, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং এর আঞ্চলিক প্রভাবের সরাসরি শিকার বাংলাদেশ ৩১ অনুচ্ছেদের আওতায় আলোচনায় অংশগ্রহণের সুযোগ চাইতে পারে। বাংলাদেশের উপস্থিতি গুরুত্বপূর্ণ, কারণ এতে আইসিজের রায় বাস্তবায়নের আইনগত প্রশ্নটির সঙ্গে মানবিক, অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার বাস্তব সংকটগুলোও আলোচনায় উঠে আসবে।
গাম্বিয়ার উচিত বৈঠকের অনুরোধের সঙ্গে একটি পূর্ণাঙ্গ আইনি নথিপত্র জমা দেওয়া। এতে আইসিজের সম্পূর্ণ রায়, রায়ের কার্যকরী নির্দেশনাগুলো এবং মিয়ানমার সেগুলো বাস্তবায়নে কোথায় ব্যর্থ হয়েছে, তার হালনাগাদ প্রমাণ থাকতে হবে। জাতিসংঘের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্তব্যবস্থা (আই আই এম এম)-এর প্রাসঙ্গিক অনুসন্ধান, রোহিঙ্গাদের চলমান বাস্তুচ্যুতির তথ্য, মিয়ানমারের অভ্যন্তরীণ আইন সংস্কারে ব্যর্থতা এবং তদন্ত, প্রমাণ সংরক্ষণ ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশটির অবস্থানও এতে অন্তর্ভুক্ত করা উচিত। এখানে আদালতের প্রতিষ্ঠিত সিদ্ধান্ত এবং রায়-পরবর্তী বাস্তবায়ন ব্যর্থতার প্রমাণের মধ্যে পার্থক্য বজায় রাখা জরুরি। আদালত ইতিমধ্যে মিয়ানমারের আইনগত দায় নির্ধারণ করেছে। অতিরিক্ত প্রমাণের কাজ হবে কোন কোন দায়িত্ব এখনো পালন করা হয়নি এবং কেন আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা তুলে ধরা।
নিরাপত্তা পরিষদের বৈঠকের পর গাম্বিয়ার উচিত সমর্থনকারী সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করে ৯৪(২) অনুচ্ছেদের আওতায় রায় বাস্তবায়ন নিয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করা। শুধু সাধারণ উদ্বেগ প্রকাশের পরিবর্তে প্রস্তাবে পরিমাপযোগ্য ও বাস্তবায়নযোগ্য শর্ত থাকতে হবে। এতে মিয়ানমারকে আইসিজের রায় সম্পূর্ণ বাস্তবায়ন, গণহত্যা সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ আইন প্রণয়ন, প্রয়োজন অনুযায়ী দায়ীদের তদন্ত ও বিচার, আন্তর্জাতিক তদন্তব্যবস্থার সঙ্গে সহযোগিতা এবং অপরাধের প্রমাণ সংরক্ষণের আহ্বান জানাতে হবে।
একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির বিষয়টিও অন্তর্ভুক্ত করতে হবে। তাদের বাড়িঘর, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া, যথাযথ ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তার বিষয়েও প্রস্তাবে স্পষ্ট নির্দেশনা থাকা দরকার। জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা থাকলে আদালতের রায়কে একটি চলমান বাস্তবায়ন প্রক্রিয়ায় রূপ দেওয়া সম্ভব হবে।
এ ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সামনে দুটি সম্পর্কিত, কিন্তু আইনগতভাবে পৃথক পথ রয়েছে। প্রথমটি হলো ৯৪(২) অনুচ্ছেদ। এর আওতায় পরিষদ আইসিজের রায় কার্যকর করার জন্য সুপারিশ করতে পারে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ, নিয়মিত প্রতিবেদন এবং তদন্তব্যবস্থার সঙ্গে সহযোগিতার মতো পদক্ষেপ থাকতে পারে। তবে ৯৪(২) অনুচ্ছেদ নিজে থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ বা সামরিক হস্তক্ষেপের অনুমতি দেয় না। এ ধরনের অধিকতর বাধ্যতামূলক পদক্ষেপের জন্য জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায় বিবেচনা করতে হবে।
সপ্তম অধ্যায়ের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি, শান্তিভঙ্গ অথবা আগ্রাসনের ঘটনা ঘটেছে কি না, তা নির্ধারণের ক্ষমতা নিরাপত্তা পরিষদের রয়েছে। রোহিঙ্গা গণহত্যার দীর্ঘমেয়াদি পরিণতি, ব্যাপক বাস্তুচ্যুতি, সীমান্তপারের অস্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগ এ ধরনের মূল্যায়নের ভিত্তি হতে পারে। তবে এ বিষয়ে নিরাপত্তা পরিষদকে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে; আইসিজের রায় স্বয়ংক্রিয়ভাবে ৩৯ অনুচ্ছেদের অধীনে কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে না।
এ ধরনের সিদ্ধান্তের পর ৪০ অনুচ্ছেদ অনুযায়ী পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সাময়িক ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্যদিকে, ৪১ অনুচ্ছেদ সামরিক শক্তি প্রয়োগ ছাড়া বিভিন্ন বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়। এর মধ্যে থাকতে পারে নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা, অস্ত্রসংক্রান্ত বিধিনিষেধ এবং অন্যান্য অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ। জাতিসংঘ সনদের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, সদস্যরাষ্ট্রগুলো নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক সিদ্ধান্ত মেনে নিতে ও বাস্তবায়ন করতে বাধ্য। ৪৮ ও ৪৯ অনুচ্ছেদে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।
তবে এই প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা আইনগত নয়, বরং রাজনৈতিক। জাতিসংঘ সনদের ২৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বা মৌলিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্তত নয়টি ইতিবাচক ভোট প্রয়োজন এবং কোনো স্থায়ী সদস্যের নেতিবাচক ভোট থাকা চলবে না। অর্থাৎ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ফ্রান্স—এই পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি রাষ্ট্র ভেটো দিয়ে এ ধরনের প্রস্তাব আটকে দিতে পারে। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের প্রশ্নে চীন ও রাশিয়ার অতীত অবস্থান বিবেচনায় এই সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।
তবে ভেটোর আশঙ্কা নিরাপত্তা পরিষদের বিষয়টি বিবেচনা করার ক্ষমতা বাতিল করে না। গাম্বিয়ার উচিত প্রক্রিয়াগত সিদ্ধান্ত এবং বাস্তব পদক্ষেপ গ্রহণসংক্রান্ত সিদ্ধান্তের মধ্যে পার্থক্য স্পষ্ট রাখা। প্রক্রিয়াগত সিদ্ধান্তের জন্য অন্তত নয়টি ভোট প্রয়োজন হলেও সেখানে স্থায়ী সদস্যদের ভেটো প্রযোজ্য নয়। ফলে বাস্তবায়নমূলক প্রস্তাব নিয়ে ঐকমত্য কঠিন হলেও নিরাপত্তা পরিষদে বিষয়টি আলোচনা ও বিবেচনার সুযোগ রয়েছে।
এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দৃষ্টান্ত হলো নিকারাগুয়া ভার্সেস ইউনাইটেড স্টেটস (১৯৮৬) মামলা। আন্তর্জাতিক বিচার আদালত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ী ঘোষণা করার পর নিকারাগুয়া ৯৪(২) অনুচ্ছেদ প্রয়োগ করে এবং যুক্তরাষ্ট্রের রায় অমান্যের বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করে। ১৯৮৬ সালের ২১ অক্টোবর পরিষদে বিষয়টি বিবেচনা করা হয়। পাঁচটি দেশ মিলে নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাব (এস/১৮৪২৮) জমা দেয়, যাতে আদালতের রায় মেনে চলার আহ্বান জানানো হয়। কিন্তু ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্র নিজেই ভেটো দিয়ে প্রস্তাবটি আটকে দেয়।
এই ঘটনা দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিষ্ঠা করে। প্রথমত, কোনো রাষ্ট্র সরাসরি ৯৪(২) অনুচ্ছেদ প্রয়োগ করে আইসিজের রায় নিরাপত্তা পরিষদে তুলতে এবং তা বাস্তবায়নের উদ্যোগ চাইতে পারে। দ্বিতীয়ত, স্থায়ী সদস্যের ভেটো এই ব্যবস্থার কার্যকারিতাকে দুর্বল করে দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের ভেটো আইসিজের রায় বাতিল করেনি কিংবা দেশটির আইনগত বাধ্যবাধকতাও শেষ করেনি। গাম্বিয়া একই আইনগত পথ অনুসরণ করতে পারে, তবে একই ধরনের রাজনৈতিক বাধার জন্যও প্রস্তুত থাকতে হবে।
আইসিজের আরও কয়েকটি রায় রোহিঙ্গা মামলার আইনগত ভিত্তিকে শক্তিশালী করে। লাগ্র্যান্ড (জার্মানি ভার্সাস যুক্তরাষ্ট্র, ২০০১ মামলায় আদালত স্পষ্ট করে যে, আদালতের নিজস্ব সংবিধির ৪১ অনুচ্ছেদের অধীনে জারি করা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আইনগতভাবে বাধ্যতামূলক। রোহিঙ্গা মামলার ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ২০২০ সালের জানুয়ারিতে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করেছিল এবং ২০২৬ সালের রায়ে সেসব ব্যবস্থা সম্পূর্ণভাবে মেনে না চলার বিষয়টিও উঠে এসেছে।
একইভাবে, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ভার্সাস সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রো (২০০৭) মামলায় আইসিজে সাবেক যুগোস্লাভিয়ার স্রেব্রেনিৎসায় সংঘটিত গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং দায়ীদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সহযোগিতা না করার জন্য সার্বিয়ার দায় নির্ধারণ করে। এই রায়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, গণহত্যার জন্য রাষ্ট্রের আইনগত দায় এবং যারা সরাসরি অপরাধ সংঘটন করেছে, তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়—দুটি পৃথক বিষয়। মিয়ানমারে জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে এসব নজিরকে ৯৪(২) অনুচ্ছেদের অধীনে নিরাপত্তা পরিষদের সফল বাস্তবায়নমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা উচিত নয়। ২০২৫ সালের ৩১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে দেওয়া বক্তব্যে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া উল্লেখ করেন, নিরাপত্তা পরিষদ কখনোই ৯৪(২) অনুচ্ছেদের অধীনে তার বাস্তবায়ন ক্ষমতা প্রয়োগ করেনি। এই প্রাতিষ্ঠানিক দুর্বলতা আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক রায় এবং সেই রায় কার্যকর করার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বিদ্যমান ব্যবধানকে স্পষ্ট করে।
নিরাপত্তা পরিষদে কোনো স্থায়ী সদস্যের ভেটোর কারণে কার্যকর পদক্ষেপ আটকে গেলে গাম্বিয়ার উচিত সাধারণ পরিষদের দ্বারস্থ হওয়া। সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের বিকল্প নয় এবং সপ্তম অধ্যায়ের অধীনে নিরাপত্তা পরিষদের মতো বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও তার নেই। তবে জাতিসংঘ সনদের ১০, ১১ ও ১৪ অনুচ্ছেদ সাধারণ পরিষদকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সদস্যরাষ্ট্র ও নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করার ক্ষমতা দিয়েছে।
এ ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ হলো ১৯৫০ সালে গৃহীত সাধারণ পরিষদের জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৭৭ এ (ভি) নম্বর প্রস্তাব, যা ‘শান্তির জন্য ঐক্য’ (ইউনাইটিং ফর পিস) নামে পরিচিত। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পরিষদ তার প্রধান দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে এই ব্যবস্থার আওতায় সাধারণ পরিষদ বিষয়টি বিবেচনা করতে পারে।
এই প্রক্রিয়ায় সাধারণ পরিষদ সমন্বিত কূটনৈতিক ও রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ, মানবিক সহায়তা, তদন্তের ব্যবস্থা এবং জবাবদিহি প্রতিষ্ঠার পক্ষে সুপারিশ করতে পারে। আইসিজের রায় বাস্তবায়নে সহায়তার জন্য সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাতে পারে। তবে এসব সুপারিশকে সপ্তম অধ্যায়ের অধীনে নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক সিদ্ধান্তের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। সাধারণ পরিষদ ৪১ অনুচ্ছেদের অধীনে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না কিংবা ৪২ অনুচ্ছেদের অধীনে সামরিক ব্যবস্থা গ্রহণের অনুমতি দিতে পারে না। এর মূল গুরুত্ব হলো, নিরাপত্তা পরিষদ অচলাবস্থায় পড়লেও আন্তর্জাতিক রাজনৈতিক চাপ অব্যাহত রাখা এবং সম্মিলিত উদ্যোগকে সংগঠিত করা।
গণহত্যা সনদের মধ্যেও এ বিষয়ে একটি স্বতন্ত্র আইনগত পথ রয়েছে। সনদের প্রথম অনুচ্ছেদে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে। পঞ্চম অনুচ্ছেদে সদস্যরাষ্ট্রগুলোকে এ উদ্দেশ্যে প্রয়োজনীয় অভ্যন্তরীণ আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো অষ্টম অনুচ্ছেদ। এতে বলা হয়েছে, গণহত্যা প্রতিরোধ ও দমন করার জন্য জাতিসংঘ সনদের আওতায় উপযুক্ত পদক্ষেপ নিতে যেকোনো চুক্তিবদ্ধ রাষ্ট্র জাতিসংঘের সংশ্লিষ্ট অঙ্গগুলোর দৃষ্টি আকর্ষণ করতে পারে।
অতএব, গাম্বিয়ার উচিত ৯৪(২) অনুচ্ছেদের পাশাপাশি গণহত্যা সনদের অষ্টম অনুচ্ছেদও প্রয়োগ করা। দুটি বিধানের উদ্দেশ্য আলাদা হলেও তারা পরস্পরের পরিপূরক। ৯৪(২) অনুচ্ছেদ আইসিজের রায় বাস্তবায়নে ব্যর্থতার বিরুদ্ধে মামলার অপর পক্ষকে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ দেয়। অন্যদিকে, অষ্টম অনুচ্ছেদ যেকোনো চুক্তিবদ্ধ রাষ্ট্রকে গণহত্যা প্রতিরোধ ও দমনের জন্য জাতিসংঘের উপযুক্ত অঙ্গগুলোর কাছে পদক্ষেপ চাওয়ার সুযোগ দেয়। এর অর্থ হলো, নিরাপত্তা পরিষদ কোনো বাস্তবায়নমূলক প্রস্তাব গ্রহণে ব্যর্থ হলেও গাম্বিয়ার কূটনৈতিক ও আইনগত উদ্যোগ থেমে থাকার প্রয়োজন নেই।
এই প্রক্রিয়ায় বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রয়েছে। বাংলাদেশ মূল আইসিজে মামলার পক্ষ না হলেও মিয়ানমারের কর্মকাণ্ডের সরাসরি পরিণতি বহন করছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণে বাংলাদেশকে মানবিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চাপ মোকাবিলা করতে হচ্ছে। ঢাকার উচিত গাম্বিয়ার ৯৪(২) অনুচ্ছেদভিত্তিক উদ্যোগকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করা, নিরাপত্তা পরিষদের সদস্যদের রায় বাস্তবায়নসংক্রান্ত প্রস্তাব বিবেচনার আহ্বান জানানো এবং গণহত্যা সনদের অন্যান্য সদস্যরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করা।
আইসিজের মূল মামলায় যে ১১টি রাষ্ট্র হস্তক্ষেপ করেছিল, তাদের পাশাপাশি অন্যান্য আগ্রহী দেশকে নিয়ে আরও বিস্তৃত একটি কূটনৈতিক জোট গড়ে তোলা সম্ভব। এই জোটের লক্ষ্য হওয়া উচিত রায় বাস্তবায়ন, অপরাধের জন্য জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।
বাংলাদেশের উচিত সাধারণ পরিষদেও বিষয়টি সক্রিয়ভাবে আলোচনায় রাখা। ২০২৬ সালের ২০ নভেম্বর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনের সময় জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান আইসিজের রায় বাস্তবায়নের বিষয়টি তুলে ধরেন। রায় বাস্তবায়ন, নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের ওপর তাঁর গুরুত্বারোপ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের উদ্যোগকে সমন্বিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এই কূটনৈতিক সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সমন্বয় জোরদার করা, যাতে আইসিজের রায় কেবল একটি প্রতীকী অর্জন হয়ে না থাকে, বরং বাস্তবে কার্যকর হয়।
সবশেষে, গাম্বিয়ার লক্ষ্য হওয়া উচিত নিরাপত্তা পরিষদ থেকে এমন একটি প্রস্তাব আদায় করা, যাতে রায় বাস্তবায়নের সুস্পষ্ট কাঠামো এবং নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা থাকে। শুধু উদ্বেগ প্রকাশ করে একটি সাধারণ ঘোষণা গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। গাম্বিয়ার উচিত অবিলম্বে আনুষ্ঠানিক চিঠি পাঠানো, জরুরি বৈঠকের অনুরোধ করা এবং ৯৪(২) অনুচ্ছেদের ভিত্তিতে বাস্তবায়নমূলক প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের সমর্থন সংগঠিত করা।
মিয়ানমারের দুই বছর পর প্রতিবেদন দেওয়ার সময়সীমার জন্য অপেক্ষা না করেই এই প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। কারণ অভ্যন্তরীণ আইন সংস্কার, তদন্ত, আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধ প্রতিরোধের নিশ্চয়তার মতো একাধিক দায়িত্ব এখনই বাস্তবায়ন করা জরুরি।
নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য ভেটো দিয়ে প্রস্তাব আটকে দিলে গাম্বিয়ার উচিত ইউনাইটিং ফর পিস প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ পরিষদে যাওয়া। একই সঙ্গে গণহত্যা সনদের অষ্টম অনুচ্ছেদ প্রয়োগ এবং অন্যান্য সদস্যরাষ্ট্রকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে সমন্বিত কূটনীতি, আইনগত প্রচার এবং আন্তর্জাতিক জোট গঠনের মাধ্যমে এই তিনটি পথেই সক্রিয় সমর্থন দিতে হবে।
গণহত্যার জন্য কোনো রাষ্ট্রের দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় যেন কেবল একটি বিচারিক ঘোষণা হয়ে না থাকে। এই রায়কে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক বাস্তবায়ন, জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের অধিকার ও সম্পত্তি পুনরুদ্ধার এবং ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধের কার্যকর ভিত্তিতে পরিণত করতে হবে। এটাই হবে রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে প্রকৃত অগ্রগতি।
