মজুরি বোর্ডের সভা: মালিকপক্ষের প্রস্তাব ১৫,৮০০ টাকা

সহযোগীদের খবর

মজুরি বোর্ডের সভা: মালিকপক্ষের প্রস্তাব ১৫,৮০০ টাকা

ফন্ট সাইজ:

প্রথম আলো

‘মজুরি বোর্ডের সভা: মালিকপক্ষের প্রস্তাব ১৫,৮০০ টাকা’—এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরি প্রস্তাব করেছে এই শিল্পের মালিকপক্ষ। গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই দফায় সংশোধনের পর মালিকপক্ষ এই প্রস্তাব করেছে। যদিও সভার শুরুতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব করেছিল ১৫ হাজার টাকা। এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে তাদের প্রস্তাব জমা দেয়। গতকালের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবও সংশোধন করা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া গতকালের সভাটি মুলতবি হয়। মূলতবি এই সভা আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার শুরু হবে।

মজুরি বোর্ড, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও একাধিক শ্রমিকনেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গতকালের সভায় দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই তাদের প্রস্তাবিত মজুরি একাধিক দফায় সংশোধন করে। তাতে সর্বশেষ শ্রমিকপক্ষের প্রস্তাবিত ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা। তার বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করে ১৫ হাজার ৮০০ টাকা।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গতকালও গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। তাতে গাজীপুর এলাকার প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল।

পোশাকশিল্প খাতের মজুরি নির্ধারণে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভাটি শুরু হয় গতকাল পৌনে ১২টায়। কয়েক দফা বিরতি দিয়ে এই সভা চলে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় ৮ ঘন্টা। তাতেও মজুরির সিদ্ধান্তে একমত হতে পারেননি কোনো পক্ষ। এ কারণে আরও অধিকতর আলোচনার জন্য সভাটি মুলতবি করা হয়। আজ মঙ্গলবার বেলা দুইটায় মুলতবি হওয়া এই সভা আবার বসবে বলে মজুরি বোর্ড সূত্রে জানা যায়।

মজুরি বোর্ড সূত্রে জানা যায়, রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মজুরি বোর্ডের চেয়ারম্যান এ সময় আরও বলেন, ‘আজকের (গতকাল) সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমরা এখনই প্রকাশ করব না। কারণ, শেষ পর্যন্ত বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন করবে।’

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম গতকালের সভায় মালিক ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন।

সভা সূত্রে জানা যায়, দীর্ঘ আলোচনার একপর্যায়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষ সংশোধিত মজুরি প্রস্তাব জমা দিতে রাজি হন। তারই অংশ হিসেবে সন্ধ্যার পর দুই দফায় সংশোধন করে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকার পরিবর্তে ২২ হাজার টাকার ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আর মালিকপক্ষও দুই দফায় তাদের প্রস্তাবিত মজুরি সংশোধন করে শেষ পর্যন্ত ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলন শুরুর পর গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রথম সভা হয় ৪ নভেম্বর। আর ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়। গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভার তারিখ ধার্য ছিল। সেই সভায় মালিকপক্ষের প্রস্তাব জমার কথা ছিল। কিন্তু সভার কয়েক ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। স্থগিত সেই সভাটি গতকাল অনুষ্ঠিত হয়েছে।

সভার আলোচনার বিরতিতে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানি গতকাল পৌনে পাঁচটায় বোর্ডের অন্য সদস্যদের নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় মালিকেরা কত মজুরি প্রস্তাব করেছেন, তা জানতে চান সাংবাদিকেরা। তবে তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেন। এ সময় মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। তার ওপর আলোচনা চলছে এবং আমরা এই পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড়, মাঝারি যেসব শিল্পকারখানা পরিদর্শনে যেসব তথ্য-উপাত্ত পেয়েছি, সেগুলোও উপস্থাপন করা হয়েছে। সেগুলো নিয়ে যুক্তিতর্ক চলছে।’

মজুরি বোর্ডের চেয়ারম্যান এ সময় আরও বলেন, ‘আজকের (গতকাল) সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমরা এখনই প্রকাশ করব না। কারণ, শেষ পর্যন্ত বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন করবে।’

মজুরি নির্ধারণের কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে—জানতে চাইলে ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আমরা মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর কতজন নির্ভরশীল, মালিকদের সক্ষমতা কী, বিশেষ করে ছোট শিল্পগুলোর কী অবস্থা, মাঝারি শিল্পগুলোর কী অবস্থা, বিশ্ববাজারে আমাদের প্রতিযোগিতার অবস্থান কোথায় দাঁড়াবে ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে আলোচনা করছি।’

ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষ আমাদের প্রস্তাবও গ্রহণ করেনি। এখন আমরা আমাদের সিনিয়র শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে, সংশোধিত প্রস্তাব দেব। আশা করি, মালিকপক্ষের প্রতিনিধিও সংশোধিত প্রস্তাব দেবে।’

শ্রমিকদের আন্দোলন নিয়ে বাবুল আখতার বলেন, ‘চলতি মাসের নভেম্বর মাসের ১ তারিখ বা তার আগে থেকেই এ আন্দোলন চলছে। আমরা মনে করি, মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকেরা এই আন্দোলন চালিয়ে যেতে চাইছে।’ তাই তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কাজে ফিরুন, উৎপাদন অব্যাহত রাখুন।’

ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান বলেন, ‘একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। হাঁস যখন অসুস্থ হয়ে যায় তখনো কি আপনি প্রতিদিন একটা সোনার ডিম আশা করতে পারেন? আমার এটুকুই বক্তব্য।’

শ্রমিক বিক্ষোভ

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এদিন সকালে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করেন। পরে শ্রমিকেরা মহাসড়কের পাশের বিভিন্ন সংযোগ সড়কে চলে যান। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিচ্ছিন্নভাবে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আমরা তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

এ ছাড়া সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে গতকাল ৩৩টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় এ এলাকার ২২টি কারখানা বন্ধ আছে। গতকাল সকালে নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের সড়কে অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। সকাল সোয়া নয়টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন একদল বিক্ষোভকারী। এ সময় তাঁরা একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।

শিল্প পুলিশের তথ্যমতে, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা আছে ১ হাজার ৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি।

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর ‘বিদেশে পাচার হওয়া টাকাই এখন খেলাপি হচ্ছে’। প্রতিবেদনে বলা হয়, ব্যাংক ঋণে নানা ধরনের ছাড়, পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দিয়েও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বরং দেশের ব্যাংক খাতে খেলাপির অঙ্ক আবারও ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত তিন মাসে খেলাপি বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। ফলে এ খাতে বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই খেলাপি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

ব্যাংক খাত বিশেষজ্ঞরা বলছেন, বিগত আওয়ামী লীগের আমলে ব্যাংক খাতে রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপে যে সব ঋণ দেওয়া হয়েছে; এর বেশির ভাগই বিদেশে পাচার হয়ে গেছে। পাচার হওয়া সেই ঋণ এখন ধীরে ধীরে খেলাপির খাতায় উঠছে। ফলে একের পর এক ছাড় দিয়েও কমানো যাচ্ছে না খেলাপির অঙ্ক।

জানতে চাইলে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মইনুল ইসলাম যুগান্তরকে বলেন, খেলাপি হওয়া বেশির ভাগ টাকাই বিদেশে পাচার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে বলে আসছি, আজও বলছি; ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেক ব্যাংকের শীর্ষ ১০ ঋণ খেলাপির বিচার করতে হবে। এদের সম্পদ ক্রোক করতে হবে। জেলের ভাত না খাওয়ালে এ টাকা ফেরত আসবে না। কিন্তু সরকার তো সে পথে হাঁটছে না। একই ভুল আওয়ামী লীগও করেছিল।

ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, খেলাপি ঋণের বেশির ভাগই ১৫ ব্যাংকের। এর প্রভাব পুরো খাতে পড়ছে। আবার নতুন করেও অনেক প্রতিষ্ঠান খেলাপিতে ঢুকছে। আমেরিকা, ইসরাইল, ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক অস্থিরতাসহ জ্বালানি তেলের দাম বেড়েছে। এসব কিছুর একটা নেতিবাচক প্রভাব তো আছে। সার্বিকভাবে দেশের অর্থনীতিও ভালো যাচ্ছে না। আদায়ের চেষ্টা চলছে। হয়তো আগামী ডিসেম্বরে খেলাপি ঋণ কিছুটা কমে আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা

ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। এর আগে জুন শেষে খেলাপি ঋণের অঙ্ক ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ খেলাপি ছিল। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

এর আগে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।

অর্থাৎ চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ঋণ পুনঃতফসিল ও বিশেষ ছাড়ের সুযোগ দেওয়ার পরও এই প্রবণতা থামানো যায়নি।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত তথ্য আড়াল করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগ নিলে এসব ঋণের বড় অংশ খেলাপি হিসাবে শনাক্ত হয়।

কালের কণ্ঠ

‘সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সরকার বদলেছে, বদলায়নি জ্বালানি আমদানির পুরনো ব্যাবসায়িক চক্র। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মদদে এজাজুর রহমান যে ব্যাবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার প্রভাব বহাল আছে।

আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব থেকে শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দরপত্র ও কার্যাদেশ—সবখানেই রয়েছে আওয়ামী আমলের এই বলয়ের সংশ্লিষ্টতার অভিযোগ। বিপিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অন্তত ১০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাও বিভিন্ন সময় এজাজের ব্যাবসায়িক প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন।

এই পুরনো বলয়ের তৎপরতা এবার সামনে এসেছে সিঙ্গাপুরের একটি পাঁচতারা হোটেলে জ্বালানি আমদানি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে। ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানি, জিটুজি পদ্ধতিতে ক্রয়, টেন্ডারে অংশগ্রহণ, স্থানীয় ও বিদেশি এজেন্ট নিয়োগ এবং প্রিমিয়াম নির্ধারণ নিয়ে হচ্ছে এই বৈঠক।

কালের কণ্ঠের হাতে আসা কার্যপত্রে এসব বিষয়ে আলোচনার তথ্য রয়েছে। বৈঠক ঘিরে কমিশন ভাগাভাগি ও ব্যাবসায়িক সুবিধা বণ্টনের অভিযোগও উঠেছে। সরকারি কর্মকর্তা ও সম্ভাব্য ব্যাবসায়িক সুবিধাভোগীদের একই বৈঠকে উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে স্বার্থের সংঘাতের প্রশ্ন।

সিঙ্গাপুরের বৈঠকে কী হচ্ছে?: ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানির ‘প্রিমিয়াম নেগোশিয়েশন মিটিং’ ও বিভিন্ন পরিচালনাগত বিষয়ে আলোচনার জন্য ২৩ থেকে ২৬ নভেম্বর সিঙ্গাপুরে বৈঠক হচ্ছে। বৈঠকের ওপর নজর রাখছেন মি. চেন।

বৈঠকের কার্যপত্র অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন কম্পানির কর্মকর্তা ও মধ্যস্থতাকারীরা অংশ নিচ্ছেন। আলোচনায় থাকছে—জিটুজি পদ্ধতিতে কি জ্বালানি কেনা হবে, কোন প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নেবে, স্থানীয় ও বিদেশি এজেন্ট কারা হবে, কী দামে জ্বালানি পাওয়া যাবে এবং সরবরাহের শর্ত কী হবে। সূত্রের দাবি, বৈঠকে জিটুজি টেন্ডারে অংশগ্রহণ, ব্যাবসায়িক সুযোগ-সুবধাি বণ্টন ও প্রিমিয়াম কমিশন নিয়েও আলোচনা হচ্ছে।

বৈঠক ঘিরে এজাজের বিরুদ্ধে আরো অভিযোগ করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তাদের দাবি, তিনি বৈঠকে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করছেন এবং কয়েকজনের হোটেল রুমে গিয়ে উপহার দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর ‘খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা’। প্রতিবেদনে বলা হয়, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকাররা বলছেন, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করতে পারছে না। পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম এবং প্রভাবশালীদের কাছ থেকে ঋণ আদায় করতে না পারায় খেলাপি ঋণ বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। এর আগে গত জুন শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাত্ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

খাতভিত্তিক হিসাবে, গত সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই এখন খেলাপি। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা বা মোট ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১৮ হাজার ৩০৩ কোটি টাকা, যা মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে বহুমুখী ও সমন্বিত উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা, ঋণ আদায় তত্পরতা বাড়ানো, ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন ও আইনি সংস্কারের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তপশিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে খেলাপি ঋণ আদায়ে গতি আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বণিক বার্তা

‘প্রাক-প্রাথমিকে ভর্তির হার দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বাংলাদেশে’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, প্রাথমিক স্তরে ভর্তির হারে বিগত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। ইউনেস্কোর বিশ্ব শিক্ষা পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার প্রায় ৯০ শতাংশ। তবে বিপরীত চিত্র প্রাক-প্রাথমিক স্তরে, ভর্তির হার এখনো ৪০ শতাংশের নিচে। এ স্তরে সাধারণত পাঁচ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়। দক্ষিণ এশিয়ায় প্রাক-প্রাথমিক স্তরে ভর্তির হারে বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে।

বিশ্বের বেশির ভাগ অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোয় প্রাক-প্রাথমিকে ভর্তির হার কম। এ অঞ্চলে প্রাক-প্রাথমিকে মোট ভর্তির গড় হার ৬২ শতাংশ, যা পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ ও মধ্য এশিয়া এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের তুলনায় কম। চলতি নভেম্বরে বিশ্বব্যাংক ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ না করায় শৈশবেই শিশুদের মধ্যে বিভিন্ন ঘাটতি তৈরি হচ্ছে। কারণ এ পর্যায়েই শিশুর জ্ঞানীয়, সামাজিক, আবেগীয় ও শারীরিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন হয়।

পিছিয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে প্রাক-প্রাথমিকে ভর্তির হার সবচেয়ে কম। দেশের তিন থেকে পাঁচ বছর বয়সী মাত্র ৩৬ শতাংশ শিশু প্রাক-প্রাথমিকে ভর্তির সুযোগ পায়। অন্যদিকে নেপালে এ হার ৬২ শতাংশ; ভারতে ও ভুটানে ৫২ শতাংশ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইউনেস্কোর বিশ্ব শিক্ষা পরিসংখ্যান ২০২৫-এর তথ্যমতে, দক্ষিণ এশিয়ায় প্রাক-প্রাথমিকে ভর্তির অনুপাতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নেপাল। দেশটির প্রায় ৬২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী প্রাক-প্রাথমিকে ভর্তির সুযোগ পায়। শ্রীলংকায় এ হার ৪৫ ও মালদ্বীপে ৩৭ শতাংশ। উল্লেখ্য, বিশ্বব্যাংক পাকিস্তান ও আফগানিস্তানকে ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ বা ‘এমইএনএএপি’র অন্তর্ভুক্ত করেছে। ২০২৫ সালের জুলাই থেকে এ আঞ্চলিক পুনর্বিন্যাস কার্যকর হয়েছে। পাকিস্তানে তিন থেকে পাঁচ বছর বয়সী ৫৮ দশমিক ৮ শতাংশ শিশু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এমন তথ্য বার্ষিক স্ট্যাটাস অব এডুকেশন রিপোর্ট পাকিস্তান ২০২৫-এর।

আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘প্রধানমন্ত্রী ও এনসিপি সংলাপ: সরকার চায় সুসংহত ঐক্য সংস্কারে জোর এনসিপির’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে তাঁর সঙ্গে বৈঠক করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সচিবালয়ে গতকাল সোমবার দুপুরে এই বৈঠক হয়।

বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে তারা বলেছে, ঐক্য চাইলে অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

আর সরকারের পক্ষ থেকে বলেছে, নতুন করে ঐক্য হওয়ার কিছু নেই। বিদ্যমান ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে একসঙ্গে থাকার বার্তা দিতেই এই মতবিনিময়।

বেলা ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। প্রায় ৩৫ মিনিটের এই বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এনসিপির নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, বিচার এবং ভারতের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনীতির সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

নাহিদ বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান না থাকার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।

সরকারের দিক থেকে ঐক্যের উদ্যোগ সম্পর্কে এনসিপির আহ্বায়ক বলেন, ‘যেকোনো ধরনের ঐক্যের প্রশ্নে আমাদের অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে অ্যাজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ জানিয়েছি।’

দেশ রূপান্তর

‘নাশকতা মামলায় নতুন মোড়’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া নাশকতা ও সহিংসতার মামলাগুলোর তদন্তে নতুন গতি সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ঝুলে থাকা কিংবা স্থবির হয়ে পড়া এসব মামলার নথিপত্র পর্যালোচনা শুরু হওয়ায় তদন্তে গতি এসেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা ও আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের নামও উঠে আসছে তদন্তে। সম্প্রতি কয়েকটি জেলায় বোমাবাজি ও আগুনের ঘটনায় তদন্ত করতে গিয়ে এমন অনেকের সম্পৃক্ততা পেয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, নাশকতার মতো গুরুতর অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তবে এ প্রক্রিয়াটি হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ। কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতিস্বীকার না করে তদন্ত সংস্থাগুলোকে নির্ভুল অভিযোগপত্র আদালতে দাখিল করতে হবে।

তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সংগৃহীত নতুন তথ্যপ্রমাণ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরনো মামলাগুলোতে নতুন করে অনেকের নাম উঠে আসছে। তবে অভিযোগপত্র দাখিলের আগে কারও বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা না নিয়ে ‘আসল সম্পৃক্ততা’ যাচাইয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তা ছাড়া তদন্ত প্রক্রিয়ায় প্রভাবশালী মহলের তদবিরের অভিযোগ উঠেছে। তাদের মতে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও স্থাপনায় হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোর তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। এতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা, রাজনৈতিক কারণে নিরপরাধ ব্যক্তিরা আসামি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরোনো মামলার নথি, সাক্ষ্য, আলামত ও ডিজিটাল তথ্যের মধ্যে অসংগতির তথ্যও উঠে আসছে। একই সঙ্গে তদন্তের গতিপথ পরিবর্তন, আসামিদের পক্ষে প্রভাব বিস্তার এবং গুরুত্বপূর্ণ তথ্য আড়ালের অভিযোগ যাচাই করে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা

পুরনো মামলার নথিতে নজর: রাজনৈতিক সহিংসতা ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কোন ব্যক্তি সরাসরি অপরাধে অংশ নিয়েছিল, কারা পরিকল্পনা বা অর্থায়নে যুক্ত ছিল এবং কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে আসামি হয়েছে কি না। বিগত কয়েক বছরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এমন অসংখ্য মামলা দায়ের হয়েছিল। অনেক মামলার তদন্ত দীর্ঘদিন ধরে কার্যত থমকে ছিল। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশনায় এসব মামলার কেস ডকেট নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘ঐক্যে রাজি, একগুচ্ছ দাবি’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও ফ্যাসিবাদের পুরুত্থান ঠেকাতে সরকারের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এজন্য বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়তে রাজি দলটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল দুপুরে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সংলাপে অংশ নিয়ে দলের অবস্থান জানান এনসিপি নেতারা। এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে দলমতে উর্ধ্বে উঠে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, তার সরকার নির্বাচনি ইশতেহার এবং জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করবে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে সব সংস্কার বাস্তবায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এ সংলাপে এনসিপির পক্ষ থেকে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি করা হয়।

সেই সঙ্গে সংবিধান সংস্কার কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান এনসিপি নেতারা। তারা বলেন, শুধু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধেই নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি, গঙ্গার নায্য হিস্যা আদায়ের ব্যাপারেও জোর দেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ সংলাপের প্রথম দিনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এরপর জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বসবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য গড়তে সংলাপের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক এবং এর মাধ্যমে সরকারের প্রতি জনআস্থা বাড়বে।

সমকাল

দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনাম ‘ডিসেম্বর ঘিরে সীমান্ত ও দেশের অভ্যন্তরে বহুমুখী নিরাপত্তা’। খবরে বলা হয়, সীমান্ত এলাকা ও দেশের অভ্যন্তরে বহুমুখী নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি প্রথমবারের মতো সীমান্তের ঝুঁকিপূর্ণ সব পয়েন্টে সার্চলাইট ও ফ্লাডলাইট বসিয়েছে। এসব লাইটের মাধ্যমে সীমান্তে নজরদারি শুরু হয়েছে।


গতকাল রাতে মিরপুরে বাসে আগুন দেওয়া হয়েছে। ডিসেম্বরে সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা হতে পারে– এমন আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কিছুদিন ধরে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচিতে প্রাণহানি, যানবাহন ও ঘরবাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক নাশকতায় রাজনৈতিক অঙ্গনে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করা হচ্ছে।

সীমান্ত এলাকায় নভেম্বর থেকে সার্চলাইট ও ফ্লাডলাইট বসানোর কার্যক্রম নেয় বিজিবি। এ ছাড়া সীমান্তে ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম, রাডার, সিসিটিভি ক্যামেরা, ভেহিক্যাল স্ক্যানারসহ আধুনিক নজরদারি ও শনাক্তকরণ সরঞ্জাম সংযোজন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিগত নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবে এসব কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র বলছে।

সোমবার সকালে ময়মনসিংহে বিজিবির সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি বা পলাতক কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার করা হবে। সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সারাদেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধ, একই সঙ্গে অবৈধ পথে কোনো ব্যক্তি যেন যাতায়াত না করতে পারে, এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির। বিশেষ করে ডিসেম্বর মাসে কোনো ধরনের অবৈধ ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং একই সঙ্গে এদিক থেকে কেউ যেন যেতে না পারে।’

সম্প্রতি দেশের সীমান্ত জেলার সব এসপি, কমিশনার ও ডিআইজিদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠক হয়েছে। দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে কড়া নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি যেন ঢুকতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকার কথা বলা হয়েছে।