জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ

বিটিভিতে হবে সরাসরি সম্প্রচার

জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ

ফন্ট সাইজ:

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হবে আজ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

এটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকেও এ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপনকালে জিয়াউলকে নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজির করার কথা রয়েছে। এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান।

মামলার বিচারিক কার্যক্রম অনুযায়ী, গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। সাফাই সাক্ষ্য শেষে সাক্ষীকে জেরা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরপরই যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগ: ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ: ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়। তৃতীয় অভিযোগ: ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

উল্লেখ্য, এসব অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে এবং ওই দিনই জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে গত বছরের ২৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।