বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) এবারের আসরে চুক্তিভুক্ত হলেন শরিফুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার পেসারকে দলে ভেড়ানোর কথা জানায় পেশোয়ার জালমি। সেখানে আরেক টাইগার পেসার নাহিদ রানাকে সতীর্থ হিসেবে পাচ্ছেন শরিফুল। পিএসএল-এ এবারই প্রথমবারের মতো অভিজ্ঞতা অর্জন করবেন ২৪ বছর বয়সী শরিফুল। তাকে স্বাগত জানিয়ে সোমবার পেশোয়ার তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখে, ‘ইয়েলো স্টর্ম (দলটির ডাক নাম) আরও শক্তিশালী হলো! বাংলাদেশ এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত।’
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএলের) মঞ্চে রাজত্ব করে এবার পাকিস্তানের বাইশ গজ কাঁপাতে যাচ্ছেন শরিফুল। গত বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে স্রেফ ৫.৮৪ ইকোনমিতে ২৬ উইকেট নিয়ে রেকর্ড গড়া এই বোলারকে নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল। নিলামে অবিক্রিত থাকলেও শেষ পর্যন্ত সরাসরি চুক্তিতে দল পেলেন তিনি। সব মিলিয়ে, ১৫৬ টি-টোয়েন্টিতে শরিফুলে শিকার ১৯৫ উইকেট। এর আগে লঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) ২০২৩ আসরে ১টি ও ২০২৪ আসরে ৫টি ম্যাচ খেলেন তিনি। তবে শরিফুল একাই নন, পিএসএল’র একাদশ আসরে দেখা যাবে বাংলাদেশি ক্রিকেটারদের বিশাল এক বহর। এবারের আসরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স।
মোস্তাফিজের সতীর্থ হিসেবে থাকছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। অন্যদিকে, নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে মাঠ মাতাবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। গত আসরে লাহোর কালান্দার্সের চ্যাম্পিয়ন হওয়ার পথে ভূমিকা রাখা রিশাদ এবার নতুন দলের প্রধান অস্ত্র হতে প্রস্তুত। আগামী ২৬শে মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে জাতীয় সতীর্থদের মুখোমুখি হবেন টাইগার ক্রিকেটাররা। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজ ও পারভেজের। তবে ২৮শে মার্চ দেখা যাবে এক রোমাঞ্চকর লড়াই। সেদিন রিশাদের রাওয়ালপিন্ডির বিপক্ষে লড়বেন পেশোয়ারের দুই গতি তারকা শরিফুল ও নাহিদ রানা। আট দলের টুর্নামেন্টে এবারই প্রথম যুক্ত হয়েছে ফয়সলাবাদ ও পেশোয়ারের মতো নতুন ভেন্যু। ৩রা মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৩৯ দিনের এই ক্রিকেট মহাযজ্ঞের।
এক নজরে পিএসএল-এ বাংলাদেশি তারকারা
খেলোয়াড় দল মূল্য (পাকিস্তানি রুপি)
মোস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্স ৬ কোটি ৪৪ লাখ
পারভেজ হোসেন ইমন লাহোর কালান্দার্স ৬০ লাখ
রিশাদ হোসেন রাওয়ালপিন্ডি পিন্ডিজ ৩ কোটি
নাহিদ রানা পেশোয়ার জালমি ৬০ লাখ
শরিফুল ইসলাম পেশোয়ার জালমি ১ কোটি ১০ লাখ।
