পার্থের গ্যালারিতে তখন ৩৫ হাজারেরও বেশি দর্শকের গগনবিদারী চিৎকার। সেই গর্জনের মধ্যমণি হয়ে আবির্ভূত হন চেলসি তারকা স্যাম কার। তার দুর্দান্ত এক গোলে গতকাল বর্তমান চ্যাম্পিয়ন চীনকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপ নারী ফুটবলের ফাইনালে পা রাখে স্বাগতিক অস্ট্রেলিয়া।
২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরার লড়াইয়ে শনিবার সিডনিতে তারা মুখোমুখি হবে জাপান অথবা দক্ষিণ কোরিয়ার। ১৭ মিনিটে আর্সেনাল ফরোয়ার্ড ক্যাটলিন ফোর্ড গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন। তবে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। অস্ট্রেলিয়ার রক্ষণভাগের ভুলে পেনাল্টি পায় চীন। বক্সের মধ্যে ঝাং লিনিয়ানকে গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড ফাউল করলে হলুদ কার্ড দেখেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে সমতা ফেরান ঝাং। বিরতির আগ পর্যন্ত চীনা প্রাচীর ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিকদের। বিরতির পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে।
তবে ম্যাচের ৫৮ মিনিটে পার্থের ঘরের মেয়ে স্যাম কার ম্যাজিক দেখান। গোলরক্ষক পেং শিমংকে পরাস্ত করে চীনের জালে বল পাঠান তিনি। টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল। ম্যাচের বাকি সময় ৯ বারের চ্যাম্পিয়ন চীন আক্রমণের বন্যা বইয়ে দিলেও অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙতে পারেনি। ম্যাচে ১৪টি শট নিয়েও ফিনিশিংয়ের অভাবে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার নারী ফুটবলের এই পাওয়ার হাউজরা।
