লিংকডইনসহ বিভিন্ন চাকরির ওয়েবসাইটে আকর্ষণীয় বেতনের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলা হচ্ছে সাবেক ও বর্তমান মার্কিন সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য ও নিরাপত্তা বিশেষজ্ঞদের। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান তৈরি করে চলছে এই গোয়েন্দা তৎপরতা।
চাকরির প্রলোভন দেখিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের কাছ থেকে স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে চীনের সন্দেহভাজন গোয়েন্দারা। এ উদ্দেশ্যে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান, নকল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে গড়ে তোলা হয়েছে বিস্তৃত একটি নেটওয়ার্ক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শুধু সরকারি কর্মকর্তা নন, সাংবাদিক, বাণিজ্য পরামর্শক এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সম্পর্কে ধারণা রয়েছে এমন ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় বিপুলসংখ্যক সরকারি কর্মী চাকরি হারানোর পর এই তৎপরতা আরও বিস্তৃত হয়েছে বলে মনে করছেন সাবেক মার্কিন কর্মকর্তারা।
গত জুনে এ ধরনের গোয়েন্দা তৎপরতার অভিযোগে ১৩টি ওয়েবসাইট বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটির দাবি, ওয়েবসাইটগুলো ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। তবে সিএনএনের অনুসন্ধানে দেখা গেছে, ওই ১৩টি ওয়েবসাইটের বাইরেও একই ধরনের আরও অনেক সাইট সক্রিয় রয়েছে। চীন এসব অভিযোগ অস্বীকার করেছে।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার এ ধরনের ১০০টির বেশি ওয়েব ডোমেইন শনাক্ত করেছেন। এগুলোর অনেকগুলোর সঙ্গে এফবিআইয়ের বন্ধ করে দেয়া ওয়েবসাইটগুলোর প্রযুক্তিগত মিল রয়েছে।
তার মতে, এই বিশাল নেটওয়ার্কের পেছনে চীনা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার লক্ষণ রয়েছে।
লেসার সিএনএনকে বলেন, ‘এফবিআই যে ১৩টি ডোমেইন বন্ধ করেছে, সেগুলো হিমশৈলের চূড়ামাত্র।’ তার মতে, এ ধরনের ওয়েবসাইট শনাক্ত হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এফবিআই জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে সব কার্যক্রম প্রকাশ্যে জানানো সম্ভব নয়।
চাকরির বিজ্ঞাপনে গোয়েন্দা ফাঁদ
সিএনএনের অনুসন্ধান অনুযায়ী, ভুয়া প্রতিষ্ঠানগুলো প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আকর্ষণীয় করপোরেট ওয়েবসাইট তৈরি করে। অনেক ক্ষেত্রে অন্য ব্যক্তির পরিচয় ও ছবি চুরি করে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভুয়া পরিচিতি সাজানো হয়। এরপর লিংকডইনের মতো পেশাভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দেয়া হয়।
এসব বিজ্ঞাপনে সাধারণত চীন, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা ও ভূরাজনীতি নিয়ে গবেষণা বা পরামর্শ দেয়ার কাজের প্রস্তাব থাকে। আগ্রহী সাবেক সরকারি কর্মকর্তা বা বিশেষজ্ঞরা আবেদন করলে তাদের দিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করানো হয়। অনেক সময় তারা বুঝতেই পারেন না, প্রকৃতপক্ষে কার জন্য কাজ করছেন।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, একটি প্রতিবেদন থেকে হয়তো গোপনীয় তথ্য পাওয়া সম্ভব নয়। কিন্তু বিভিন্ন বিষয়ে কয়েক ডজন বা শতাধিক গবেষণা প্রতিবেদন সংগ্রহ করতে পারলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তানীতি, সামরিক পরিকল্পনা ও দুর্বলতা সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়া সম্ভব।
সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালক হোল্ডেন ট্রিপলেট বলেন, ‘লিংকডইন সম্ভবত এ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় গোয়েন্দা হাতিয়ার।’
ছাঁটাই হওয়া কর্মকর্তারা বড় লক্ষ্য
ট্রাম্প প্রশাসনের প্রথম বছরে ব্যাপক ছাঁটাই, পদত্যাগ ও অন্যান্য কারণে লাখ লাখ কর্মী মার্কিন ফেডারেল সরকার ছেড়েছেন। তাদের অনেকের কাছেই আগে নিরাপত্তা ছাড়পত্র ছিল এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে।
এক সাবেক জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় একটি দুর্বলতা তৈরি করেছি। চীনা কমিউনিস্ট পার্টির মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বা সরঞ্জাম ছাড়াই হাজার হাজার, এমনকি লাখো মানুষের জন্য সুযোগ তৈরি করে দিয়েছি।’
সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পেন্টাগনের কর্মী ওয়েস ব্রায়ান্ট। ২০২৫ সালে দপ্তরের কর্মী ও বাজেট কমানোর সমালোচনা করায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল বলে তার দাবি। পরে মালয়েশিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ব্রায়ান্টের সন্দেহ, প্রতিষ্ঠানটি চীনা গোয়েন্দাদের আড়াল হিসেবে কাজ করছিল।
তিনি প্রতিষ্ঠানটির হয়ে যুক্তরাষ্ট্র, বৃটেন ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা চুক্তি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। এর জন্য তাকে ১২০০ ডলার দেয়া হয়। তবে পরে আরও সংবেদনশীল তথ্য চাওয়ার চেষ্টা করা হলে তার সন্দেহ বাড়ে।
সাবেক সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন, প্রতিষ্ঠানটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
একইভাবে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান বাজারবিষয়ক পরামর্শক আন্দ্রেস লোরেটদেমোলার সঙ্গে লিংকডইনে যোগাযোগ করেন বিয়াঙ্কা ইয়ান নামের এক নারী। রাশিয়া ও ভূরাজনীতি নিয়ে প্রতিবেদন লেখার জন্য তাকে সর্বোচ্চ এক হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে ওই নারী তার প্রতিবেদনের চেয়ে ওয়াশিংটনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও পরিচিতি সম্পর্কে বেশি আগ্রহ দেখান।
সন্দেহ হওয়ায় লোরেটদেমোলা তাদের অনলাইন বৈঠকের রেকর্ডিং এফবিআইকে দেন। সংস্থাটি জানিয়েছে, তার দেয়া বার্তাগুলো সন্দেহজনক নিয়োগ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
চীনকে নিয়ে পাল্টা গোয়েন্দা তৎপরতা
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কৌশল নতুন নয়। ২০১৮ সালে ডিকসন ইয়ো নামে সিঙ্গাপুরের এক নাগরিক ভুয়া প্রতিষ্ঠান খুলে চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, আবেদনকারীদের ৯০ শতাংশই ছিলেন নিরাপত্তা ছাড়পত্রধারী মার্কিন সামরিক ও সরকারি কর্মকর্তা।
পরে চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করার অপরাধ স্বীকার করায় ইয়োকে ১৪ মাসের কারাদণ্ড দেয়া হয়।
এদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও বৃটেনের সমন্বয়ে গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ আইস’ গত জুনে এ ধরনের প্রতারণামূলক নিয়োগ কার্যক্রম সম্পর্কে সতর্ক করে।
তাদের ভাষ্য, এসব কৌশলে সংগৃহীত তথ্য সামরিক সদস্যদের জীবন বিপন্ন করতে পারে, অর্থনৈতিক নিরাপত্তা দুর্বল করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে।
বিশ্লেষকদের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পেশাভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে এ ধরনের গোয়েন্দা তৎপরতা শনাক্ত করা আরও কঠিন হয়ে উঠছে। ফলে চাকরির প্রস্তাবের আড়ালে জাতীয় নিরাপত্তার তথ্য সংগ্রহের এই ঝুঁকি যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
