ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে। বৈঠকে নেপালের পুনর্গঠন ও উন্নয়নে ২৪ হাজার কোটি নেপালি রুপি (প্রায় ১৫ হাজার কোটি ভারতীয় রুপি) সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন মোদি।
সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে থাকা বালেন্দ্র শাহর সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে মোদি বলেন, নেপালের উন্নয়ন নিয়ে শাহর যে দৃষ্টিভঙ্গি, তা প্রশংসনীয়। চলতি বছর নেপালের জনগণ তাকে যে ঐতিহাসিক সমর্থন দিয়েছে, তা মূলত নতুন প্রজন্মের আশা-আকাক্সক্ষার প্রতিফলন।
এদিন মোদি আরও বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে শাহকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক মাস আগে তিনি যখন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, তখনই আমরা তার দূরদর্শিতা ও বিচক্ষণতার স্পষ্ট আভাস পেয়েছিলাম।’
দুই দেশের সম্পর্কের গভীরতা তুলে ধরে মোদি বলেন, ‘ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয়, দেশ দুটি বিশ্বাস ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ।’ এ সময় নেপালে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নেপালের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ভারত ২৪ হাজার কোটি নেপালি রুপির একটি প্যাকেজ ঘোষণা করছে।
মোদি আরও বলেন, ভারত দীর্ঘদিন ধরে নেপালের জ্বালানি, সার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। চলতি বছর নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এসব পণ্যের সরবরাহ অব্যাহত রেখেছে নয়াদিল্লি।
বৈঠকে শাহ দুই দিনের রাষ্ট্রীয় সফরে তাকে উষ্ণ আতিথেয়তা দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি।
ভারত ও নেপালের সম্পর্ককে ‘ঘনিষ্ঠ ও আন্তরিক বন্ধন’ হিসেবে বর্ণনা করেন শাহ। দুর্যোগের পর দ্রুত সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দুই দেশের মধ্যে সংহতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন নেপালের প্রধানমন্ত্রী।
শাহ বলেন, ‘নেপাল ও ভারতের মধ্যকার সম্পর্ক হিমালয়ের মতো অটল এবং মহাসাগরের মতো বিশাল। আমাদের এই ঘনিষ্ঠতা এতটাই গভীর যে কেবল শব্দ দিয়ে তা প্রকাশ করা প্রায় অসম্ভব।’
এদিকে বৈঠক শেষে ভারত ও নেপালের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এসব সমঝোতার আওতায় জনপ্রশাসনের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে।
