মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। খবর রয়টার্সের।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ইরান কোনোভাবেই মেনে নেবে না। এই অবরোধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় তেহরান তার হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে।
তিনি আরও বলেন, ‘নৌ অবরোধকে সামরিক আগ্রাসন হিসেবে বিবেচনা করা হয়। এ পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য ইরানের যেকোনো উপলব্ধ উপায় ব্যবহারের অধিকার রয়েছে।’
ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রথম আরোপ করা হয়েছিল ১৩ এপ্রিল। পরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি খসড়া সমঝোতা হওয়ার পর জুনে অবরোধ তুলে নেয়া হয়। তবে সেই সমঝোতা ভেঙে পড়লে ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র।
এদিকে গত সপ্তাহে ট্যাংকারট্র্যাকার্স ডটকম জানিয়েছে, পারস্য উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে একটি ট্যাংকারে ইরানের অপরিশোধিত তেল বোঝাই করা হচ্ছিল। অবরোধ পুনর্বহালের পর ওই জাহাজটি সফলভাবে ইরানি তেল রপ্তানি করতে পারলে সেটিই হতে পারে প্রথম ঘটনা।
তবে সোমবার এ বিষয়ে জানতে চাইলে বাঘাই বলেন, ইরানি জাহাজে তেল বোঝাইয়ের খবরগুলো নিছক অনুমাননির্ভর।
মার্কিন অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে ইরানের দৃশ্যমান অপরিশোধিত তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি করে আসছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত পূরণ না করা পর্যন্ত এই প্রণালি পুনরায় খুলে দেয়া হবে না। শর্তগুলোর মধ্যে রয়েছে, সামরিক অভিযান বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেয়া।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে বাঘাই বলেন, ‘অন্য পক্ষ (যুক্তরাষ্ট্র) সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করলে আমরা যত দ্রুত সম্ভব নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারব।’
