মত-পথের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ফ্যাসিবাদবিরোধী শক্তি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি’র বৈঠক

মত-পথের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ফ্যাসিবাদবিরোধী শক্তি: মাহদী আমিন

ফন্ট সাইজ:

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মত-পথের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ ফ্যাসিবাদবিরোধী শক্তি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রায় ১ ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

মাহদী আমিন বলেন, ‘বৈঠক অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্য পরিবেশে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক সরকারের যে অভিযাত্রা রয়েছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়—যেখানে রাজনৈতিক সহাবস্থান থাকবে, সহিষ্ণুতা থাকবে, সম্মানবোধ থাকবে, সেটারই আমরা আজকে দেখেছি।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা দেখেছিলাম—সকল শ্রেণি-পেশার ধর্মের, বর্ণের মানুষ এক হয়েছিল। কারণ এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, যেখানে মানবাধিকার, আইনের অনুশাসন বা স্বাধীনতা থাকবে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, যেখানে ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। আজকে এখানে যে মতবিনিময় হয়েছে, সেখানে সে আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ফুটে উঠেছে।’

মাহদী আমিন আরও বলেন, ‘আজকে এখানে খোলামেলা আলোচনা হয়েছে, সেখানে সেই জাতীয় স্বার্থে দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। আমরা পতিত স্বৈরাচারে যে সহিংসতা এবং নাশকতা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি একসঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে। আজকে এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই। আপনাদের সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ আমাদের মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা চাই গণতান্ত্রিক যে অভিযাত্রা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে স্বনির্ভর বাংলাদেশের পথযাত্রায় রয়েছে, সেটি আমরা সবাই কাঁধে কাঁধ মিলে বাস্তবায়ন করবো।’
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সংস্কারের বিষয়ে সরকারের অবস্থা সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা বলেছেন যে, বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতন করে যেভাবে আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং নির্বাচনী পথযাত্রায় আমাদের জাতীয় জুলাই সনদের শাখা স্বাক্ষর করেছিল, সেটাকে শতভাগ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই। সরকার যেভাবে সংস্কার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে এবং আমরা দেখেছি সরকার গঠনের পর আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড প্রায় শতাধিক অর্ডিনেন্সকে আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা অবশ্যই আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে তার উপদেষ্টা মাহ্‌দী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন। এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।