টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সুইডেন আসলামকে: ডিএমপি

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সুইডেন আসলামকে: ডিএমপি

ফন্ট সাইজ:

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় শীর্ষ সন্ত্রাসী আসলাম হোসেন ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

আকতার হোসেন বলেন, ‘এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।’

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি জানান, তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঘটনার সঙ্গে তার  সম্পৃক্ততা আশা করছি উঠে আসবে।
চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে তার নাম ছিল। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে তাকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারা ভোগ করেন আসলাম। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান।