ম্যাচের প্রথম সাত মিনিটেই দুই গোল হজম। রোববার ঘরের মাঠে তখন যেন অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে বার্সেলোনা। তবে বিরতির পর মাত্র ১০ মিনিটের ঝড়ে সব হিসাব পাল্টে দিলো কাতালানরা। ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করার পাশাপাশি দলের প্রত্যাবর্তনকে ‘অবিশ্বাস্য’ বললেন কোচ হান্সি ফ্লিক। তবে রোমাঞ্চকর জয়ের আনন্দের মাঝেও রেফারির কয়েকটি সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জার্মান এই কোচ।
স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। কানাডার দুই ফুটবলার তাজন বুকানন ও তানি ওলুসেয়ি প্রথম সাত মিনিটের মধ্যে গোল করে ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ফিরতি আক্রমণে মরিয়া বার্সেলোনা প্রথমার্ধেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি লামিন ইয়ামাল।
বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৫৭ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে ব্যবধান কমান জেরার্ড মার্টিন। চার মিনিট পর পেদ্রি, রাফিনহা ও ইয়ামালের সম্মিলিত প্রচেষ্টায় গোল করে সমতা ফেরান ফেরমিন লোপেজ। এরপর ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস নিজেদের জালে জড়িয়ে দেন ভিয়ারিয়ালের পাও নাভারো। তাতেই পূর্ণ হয় বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘প্রথম ১০ মিনিটের কথা বিবেচনা করলে বলতে হয়, আমরা ভালো শুরু করতে পারিনি। বল নিয়ে আমরা বেশি সময় নষ্ট করেছি, দুটি ভুল করেছি এবং তারা গোল করেছে। কিন্তু আমাদের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য।’
দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা যে ফুটবল খেলতে চাই, দ্বিতীয়ার্ধে ঠিক সেটিই দেখিয়েছি। আমাদের কাঠামো ছিল আরও গোছানো ও পরিষ্কার। এভাবে খেললে প্রতিপক্ষ ক্লান্ত হয়ে পড়ে। ১০ মিনিটের মধ্যে তিনটি গোল করা সত্যিই অসাধারণ।’
তবে রেফারি আলেহান্দ্রো এরনান্দেস এরনান্দেসের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ লুকাননি ফ্লিক। পেনাল্টি পেতে ভিএআরের হস্তক্ষেপ এবং বদলি হওয়ার পর চতুর্থ কর্মকর্তার সঙ্গে মন্তব্যের জেরে ফেরমিনের লাল কার্ড—দুই ঘটনাতেই অসন্তুষ্ট তিনি। বার্সা বস বলেন, ‘আমি রেফারিদের নিয়ে সাধারণত খুশি, কিন্তু এই রেফারিকে নিয়ে নই। তারা আমাদের সঙ্গে কথা বলতে পারতেন, সিদ্ধান্তগুলো ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু তারা কিছুই বলেন না।’
পেনাল্টি থেকে ইয়ামালের সাম্প্রতিক ব্যর্থতার পর ভবিষ্যতে রাফিনহাকে দায়িত্ব দেয়ার বিষয়টিও ভাবছেন ফ্লিক। এ নিয়ে দুই ফুটবলারের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ জয়ের ফলে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লীগের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। সমান ম্যাচে ৩ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
