লিভারপুলের কাছে বড় ব্যবধানে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মরিসিও পচেত্তিনো দাবি করেছেন, লেনি ইয়োরোকে ভুলভাবে লাল কার্ড দেখানো হয়েছে। এর আগে ইউনাইটেডকে একটি নিশ্চিত পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। ক্লাবের ইতিহাসে অভিষেক ম্যাচে যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানে হারের পর এমন ক্ষোভ প্রকাশ করেন এই কোচ। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
রোববার অ্যানফিল্ডে লিভারপুলের ৪-০ গোলের দাপুটে জয় পচেত্তিনোকে ১৯২৬ সালে লাল হিলডিচের করা একটি অনাকাক্সিক্ষত রেকর্ডের সমান জায়গায় নিয়ে গেছে। সেবারও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছিলেন হিলডিচ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের গোল হজমের সংখ্যা ৩৪। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দলের চেয়ে এই সংখ্যা বেশি। ম্যাচের মাত্র আট মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। আলেকজান্ডার ইসাককে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখানো হয় ইয়োরোকে।
লিভারপুলের প্রধান কোচ আন্দোনি ইরাওলা বলেন, সে (ইয়োরো) স্পষ্টতই শেষ ডিফেন্ডার ছিল এবং এটি পরিষ্কার ফাউল ছিল। তবে পচেত্তিনো সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন। তার দাবি, বলের নিয়ন্ত্রণ হারানোর পর ইসাক নিজেই ফাউলের অপেক্ষায় ছিলেন। একই সঙ্গে ম্যাচের কিছুক্ষণ আগে ব্রায়ান এমবিউমোর ওপর জেরেমি জাকের চ্যালেঞ্জের ঘটনায় ইউনাইটেডের পেনাল্টি পাওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। ইয়োরোর ফাউল থেকে পাওয়া ফ্রি কিকেই গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ডমিনিক সোবোসলাই। মাত্র ১৪ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
পচেত্তিনো বলেন, এটিকে লাল কার্ড দেখানোর মতো অপরাধ বলে আমি মনে করি না। কারণ, বলটি ইসাকের নিয়ন্ত্রণে ছিল না।
তিনি আরও বলেন, লেনি তার সঙ্গে দৌড়াচ্ছিল। ইসাক যখন বুঝতে পারে বলের ওপর তার নিয়ন্ত্রণ ভালো নয় এবং বলটি গোলরক্ষকের দিকে চলে যাচ্ছে, তখন গতি কমিয়ে দেয়া বা থেমে যাওয়া এবং স্পর্শ অনুভব করার অপেক্ষা করে পড়ে যাওয়া স্বাভাবিক। এটি কোনোভাবেই ফাউল নয়। কিন্তু এর দুই মিনিট আগে জাক ও এমবিউমোর ঘটনাটির সঙ্গে এর তুলনা কীভাবে করবেন? পচেত্তিনো বলেন, এটি আমার জন্য এবং খেলোয়াড়দের জন্যও কষ্টের। কিন্তু অ্যানফিল্ডে ১০ জন নিয়ে আমাদের ৮০ মিনিটের বেশি খেলতে হয়েছে। দলের সমালোচনা করতে পারেন, কিন্তু এমবিউমোর ঘটনাটি পেনাল্টি ছিল। আমরা ভুল করতে পারি এবং তার জন্য শাস্তি পেয়েছি। তারা ভুল করতে পারে, কিন্তু তাদের শাস্তি পেতে হয়নি।
লিভারপুলের আক্রমণভাগের বিপক্ষে ম্যাথিয়াস ডি লিখটকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্তও পক্ষেও কথা বলেন পচেত্তিনো। ১২ মাস পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন এই সেন্টার-ব্যাক। তবে লিভারপুলের আক্রমণভাগের সামনে তাকে বেশ বিপর্যস্ত দেখিয়েছে। এত বড় ব্যবধানে হারের পরও অবনমন অঞ্চলের বিপদ থেকে বেরিয়ে আসার মতো মানসিক দৃঢ়তা ইউনাইটেডের খেলোয়াড়দের রয়েছে বলে দাবি করেন কোচ। তিনি বলেন, আমাদের বাস্তবতা মেনে নিতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কী ঘটেছে, তা স্পষ্ট।
