নেইমার জুনিয়রকে ছাড়াই হেক্সা মিশনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ দু’টি প্রীতি ম্যাচে জায়গা হয়নি দলের সবচেয়ে বড় পোস্টার বয়ের। কঠিন সত্যটা সাফ জানিয়ে দিলেন কোচ কার্লো আনচেলোত্তিই, এখনও শতভাগ ফিট নন নেইমার। অন্যদিকে, ব্যথিত হলেও এখনই থেমে যাচ্ছেন না ব্রাজিলের রেকর্ড গোলদাতা। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করার স্বপ্ন দেখছেন তিনি।
২০২৩-এর অক্টোবরের সেই ভয়ঙ্কর হাঁটুর চোট কাটিয়ে সমপ্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার। দারুণ কিছু ঝলক দেখালেও আনচেলোত্তির মন এখনও গলেনি। দল ঘোষণার সময় ইতালিয়ান অভিজ্ঞ কোচ স্পষ্ট ভাষায় বলেন, ‘নেইমার বিশ্বকাপে যেতে পারে, তবে তাকে শতভাগ ফিট হতে হবে। এখন সে তালিকায় নেই কারণ সে পুরোপুরি তৈরি নয়।’ এদিকে, দল থেকে বাদ পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা লুকাননি নেইমার। তবে হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী এই মহাতারকা। নেইমার লেখেন, ‘দলে ডাক না পেয়ে আমি ব্যথিত। তবে আমার স্বপ্ন এখনও মরে যায়নি। বিশ্বকাপের লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাব।’
আগামী ২৬শে মার্চ বোস্টনে ফ্রান্স এবং ১লা এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। আনচেলোত্তির স্কোয়াডে সবচেয়ে বড় চমক ১৯ বছর বয়সী এনড্রিক। ওলাপিক লিওতে দুর্দান্ত ফর্ম দেখিয়ে দলে ফিরেছেন তিনি। এছাড়া, প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইগর থিয়াগো এবং তরুণ রায়ান ভিতর।
আগামী মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে ঘরোয়া লীগে অতিমানবীয় কিছু করে দেখাতে না পারলে হয়তো নেইমারকে ছাড়াই হেক্সা অভিযান শুরু করবে ব্রাজিল। ১১ই জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে সেলেসাওদের প্রথম ম্যাচ ১৩ই জুন, মরক্কোর বিপক্ষে। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ম্যাচ দু’টি যথাক্রমে ২০ ও ২৪শে জুন।
প্রীতি ম্যাচের ব্রাজিল স্কোয়াড:
গোলকিপার: আলিসন বেকার, বেন্তো, এডারসন।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইস, ইবানিয়েজ, লিও পেরেইরা, মারকিনহোস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো বারবোসা, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনহা, রাফিনহা, রায়ান ভিতর, ভিনিসিয়ুস জুনিয়র।
শেষ পর্যন্ত কি বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের!
স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
