দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

ফন্ট সাইজ:

বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তা সফল হবে না।
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে 'চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান লিখিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে যারা পালিয়ে আছেন, সেখান থেকে এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য প্রচারণা চালানো হচ্ছে। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, এখনো সেই একই কায়দায় ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তার সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জেও কয়েকজন ব্যক্তিকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে।

এসব ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি। এত কিছুর পরও বর্তমান সরকার অত্যন্ত শান্ত এবং স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।

বিগত শাসনামলের সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, আগে হলে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাত ঘটানো হতো। কিন্তু বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে দেয়ার চেষ্টা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন৷