মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার বেলা ১১টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার সকালে হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা দলবদ্ধভাবে লাঠি-সোঁঠা হাতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। তারা মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেন। পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়কে ছেড়ে মহাসড়কের পাশ দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যায়। আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। পরে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, ‘শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।’
