২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশের এপিসি (সাঁজোয়া যান) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৪ই ডিসেম্বর এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
আদেশের দিন এ মামলায় গ্রেপ্তার থাকা ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২৬শে জুলাই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ই জুলাই আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে টেনে নিয়ে যাওয়া হয় এবং তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। এরপর দায়িত্বরত পুলিশ সদস্যরা ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রাখেন এবং আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখানোর জন্য গাড়িটি নিয়ে এলাকায় টহল দেন। এক পর্যায়ে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
