প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার দুপুরে এ সাক্ষাৎ হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবেন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।
