নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের দুই আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ ছিল। তাদের ধারণা, গ্যাসের চুলার চাবি খোলা থাকা অথবা গ্যাসের লাইনে লিকেজের কারণে পুরো ঘরে গ্যাস জমে থাকতে পারে।
তারা জানায়, সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা ও ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি দল কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’
নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
অনলাইন
৫৭ মিনিট আগে
২১ নভেম্বর (শনিবার), ২০২৬, ১২ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
