আইসিজে’র রায়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

রোহিঙ্গা গণহত্যায় দোষী মিয়ানমার

আইসিজে’র রায়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

ফন্ট সাইজ:

২০১৭ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার দেয়া এই যুগান্তকারী রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে আইসিজেতে গণহত্যার জন্য দায়ী করা হলো। ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা এই মামলাটি ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে রাষ্ট্রগুলোকে কীভাবে বিচার করা হয়, তার প্রভাব বোঝার জন্য সরকার, আইনজীবী, মানবাধিকার সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। আদালত জানায়, মিয়ানমার যে লঙ্ঘন করেছে তার জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার বাধ্যবাধকতা দেশটির রয়েছে, যার শর্তাবলি পরবর্তী তারিখে নির্ধারণ করা হবে। এই ঐতিহাসিক রায়েপ্রধান পক্ষগুলো ও বিশ্বনেতাদের প্রতিক্রিয়া নিচে তুলে ধরা হলো:

বাংলাদেশ: আইসিজে’র এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবং কোনো বিলম্ব ছাড়াই তা বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশ জানায়, এই সিদ্ধান্ত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ প্রশস্ত করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমার এই রায় মেনে চলতে আইনিভাবে বাধ্য এবং রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হিসেবে প্রত্যাবাসনই বহাল রয়েছে।

মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকার: সাবেক নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের অবশিষ্ট সদস্যদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার জানায়, তারা আন্তর্জাতিক বিচার আদালতের কর্তৃত্ব এবং এর রায়কে সম্মান করে। তারা আদালতের পর্যবেক্ষণ ও আদেশ বিবেচনা করার অঙ্গীকার করে এবং জবাবদিহিতা ও ভবিষ্যতে নৃশংসতা রোধে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

যুক্তরাষ্ট্র: একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, আইসিজে’র রায়ের প্রভাব মূল্যায়ন করতে যুক্তরাষ্ট্র এটি পর্যালোচনা করছে। একই সাথে আদালতকে রাজনীতিকরণ থেকে রক্ষা করার গুরুত্বের ওপর জোর দেন তিনি। ওই কর্মকর্তা জানান, গণহত্যা সনদের সঠিক ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা গুরুত্বপূর্ণ আইসিজে’র রাজনীতিকরণ রোধ করা। এর প্রভাব পুরোপুরি মূল্যায়ন করতে তারা সিদ্ধান্তটি পর্যালোচনা করছেন। তিনি আরও জানান, তারা বার্মার জনগণের প্রতি সমর্থন প্রকাশ করছেন এবং রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

গাম্বিয়া: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়েরকারী গাম্বিয়া গভীর সন্তুষ্টির সাথে এই রায়কে স্বাগত জানিয়েছে এবং একে আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেছে। দেশটির সরকার জানায়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেয়ার বাধ্যবাধকতা ১৯৪৮ সালের গণহত্যা সনদের সব স্বাক্ষরকারী রাষ্ট্রের। তারা মিয়ানমারকে কোনো বিলম্ব ছাড়াই এই রায় পুরোপুরি মেনে চলার আহ্বান জানায়।
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি): এক্সে দেয়া এক পোস্টে ওআইসি আইসিজে’র রায়ের প্রশংসা করে জানায়, এটি ভুক্তভোগীদের জন্য প্রতিকার এনে দিয়েছে এবং দায়মুক্তি না দেয়ার নীতিকে সমুন্নত রেখেছে।

জাতিসংঘ: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি নিদর্শন হিসেবে বর্ণনা করেন। তিনি পুনর্ব্যক্ত করেন, এ ধরনের ভয়াবহ কাজের জন্য দায়মুক্তি চলতে পারে না। তিনি উল্লেখ করেন, এই প্রথম আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল। তিনি মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

জাতিসংঘের শরণার্থী সংস্থা: জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির কারণগুলো সমাধান এবং নাগরিকত্বের অধিকার ও নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিসহ স্থায়ী সমাধান খোঁজার ক্ষেত্রে এই রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংস্থাটি জানায়, এই অঞ্চলে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশে। এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে ১ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা: জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ফলকার তুর্ক জানান, এই রায়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, মিয়ানমার মানবজাতির জানা সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটির জন্য দায়ী। এক্সে দেয়া এক পোস্টে তিনি আরো বলেন, রোহিঙ্গা জনগণের দুর্ভোগ মানবতার ওপর একটি কলঙ্ক।
বৃটেন: বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, বৃটেন মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে এবং দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। এই রায় নিয়ে আলোচনার জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনেরও আহ্বান জানান। তিনি আরও জানান, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে।

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত: মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি একে সব রোহিঙ্গা জনগণের জন্য গভীর আবেগের দিন বলে অভিহিত করেন। তিনি যোগ করেন, ন্যায়বিচারের সিদ্ধান্ত হয়েছে, তবে তা এখনো কার্যকর হয়নি। তিনি এই রায় দ্রুত কার্যকরের প্রতি জোর দেন।
রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট ও আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের কো-চেয়ার: অ্যাক্টিভিস্ট নে সান লুইন জানান, রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচারের অর্থ হলো তাদের নাগরিকত্ব পুনরুদ্ধার, তাদের পরিচয়ের স্বীকৃতি এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে বলে তিনি জানান।

মিয়ানমারের সমাজ সংগঠনসমূহ: ২১৯টি রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সুশীল সমাজ সংগঠনের একটি জোট এই রায়কে স্বাগত জানিয়েছে এবং এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। জাস্টিস ফর মিয়ানমার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো ক্ষতিপূরণ, রোহিঙ্গাদের নাগরিকত্ব পুনরুদ্ধার এবং শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানায়। তারা মিন অং হ্লাইংসহ মিয়ানমারের সামরিক নেতৃত্বের ফৌজদারি জবাবদিহিতারও আহ্বান জানায়। উইমেনস পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক অ্যাক্টিভিস্ট ওয়াই ওয়াই নু জানান, এই রায় রোহিঙ্গাদের পরিচয় মুছে ফেলা, তাদের অস্তিত্ব অস্বীকার করা এবং তাদের দুর্ভোগকে উড়িয়ে দেয়ার সামরিক বাহিনীর কয়েক দশকের প্রচেষ্টাকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। তিনি জানান, মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়ে, পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ দেয়ার আদেশ দিয়ে বিশ্বের সর্বোচ্চ আদালত রাষ্ট্র-পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সেই মিথ্যাকে চিরতরে ভেঙে দিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টান্যাশনাল জানায়, এই রায় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার একটি ঐতিহাসিক ও প্রামাণ্য স্বীকৃতি এবং বেঁচে যাওয়া মানুষ, ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচারের এক বিরল মুহূর্ত।

হিউম্যান রাইটস ওয়াচ: হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক ন্যায়বিচার উপদেষ্টা মারিয়া এলেনা ভিনোলি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি একে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের ভোগ করা দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি বলে অভিহিত করেন।
সূত্র: রয়টার্স, আল জাজিরা