মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন করে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।
শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন আইসিজে। আদালত ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন আদালত। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণও আদালতে উঠে এসেছে।
তিনি বলেন, আদালতের এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।
আইসিজের রায় বাস্তবায়নে চারটি বিষয়ে গুরুত্ব দেন ড. খলিলুর রহমান। প্রথমত, গণহত্যা সনদের আওতায় নিষিদ্ধ অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে জাতীয় আইনের ঘাটতি দূর করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
দ্বিতীয়ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে মিয়ানমারের ভেতরে বাস্তুচ্যুত এবং সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেয়া—উভয় শ্রেণির মানুষের দায়িত্ব নিতে হবে দেশটিকে। পরিবার পুনরায় একত্রিত করা, হারানো বাড়িঘর, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেয়া অথবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ড. খলিলুর রহমান বলেন, কাউকে বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের প্রকৃত সুরক্ষা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। নাগরিকত্বের অধিকার নিশ্চিত করাও জরুরি। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তৃতীয়ত, রোহিঙ্গাদের ব্যক্তিগত ও সামষ্টিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। যেসব ক্ষতির প্রতিকার শুধু সম্পত্তি ফিরিয়ে দেয়ার মাধ্যমে সম্ভব নয়, সেগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে পুনরুদ্ধারমূলক পদক্ষেপ এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও পদ্ধতি নিয়ে দুই বছরের মধ্যে প্রতিবেদন দেয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
চতুর্থত, রায় মেনে চলা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের কথা উল্লেখ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনো রাষ্ট্র তা করতে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়নের পরবর্তী করণীয় নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান ড. খলিলুর রহমান। তিনি বলেন, শিশুদের খাদ্য ও শিক্ষা, পরিবারগুলোর স্বাস্থ্যসেবা, আশ্রয় ও সুরক্ষা প্রয়োজন। বাংলাদেশের সরকার ও জনগণের একার পক্ষে এ দায়িত্ব বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে উন্নয়ন সহযোগীদের, শিবিরগুলোতে মানবিক সহায়তার জন্য অর্থায়ন বাড়াতে হবে।
বক্তব্যে রোহিঙ্গাদের পক্ষে আইসিজেতে মামলা করায় গাম্বিয়া, উদ্যোগে সমর্থন দেয়ায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারক এবং প্রমাণ সংগ্রহে কাজ করা জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান।
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের সরকার ও জনগণের পাশাপাশি উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, আদালতের রায় প্রমাণ করেছে যে বিশ্ব তাদের ভুলে যায়নি। রোহিঙ্গাদের বক্তব্য ও আকাঙ্ক্ষা নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কণ্ঠস্বর তুলে ধরার কথা বলেন।
তিনি বলেন, দ্য হেগে ন্যায়বিচারের রায় এসেছে। এখন দায়িত্ব হলো শিবিরগুলোতে এবং রাখাইনে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে সেই ন্যায়বিচার বাস্তবায়ন করা। ২০২৬ সালের ১৯ নভেম্বরকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথচলার শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় করে রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রোহিঙ্গা নেতারা।
রোহিঙ্গা নাগরিক সংগঠন ইউসিআরের সভাপতি কিন মং বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা সরাসরি শোনার জন্য তারা ড. খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞ। তারা অনির্দিষ্টকাল শরণার্থীশিবিরে থাকতে চান না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চান।
ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, বাংলাদেশে আশ্রয় পেয়ে তারা কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ ছেড়ে কেউ অন্য দেশে থাকতে চান না। মিয়ানমারে ফিরে যাওয়ার আগে নিরাপত্তা, নাগরিকত্ব এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে।
