ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাজ্জাদ আকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সদস্য। সাজ্জাদ আকিবের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকারও তথ্য রয়েছে।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ২০১৭ সালের ২৮শে অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাজ্জাদ আকিবকে আদালতে সোপর্দ করা হয়েছে।
