ফের কমল সোনার দাম

ফের কমল সোনার দাম

ফন্ট সাইজ:

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এর আগের দিন ১৮ই নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। এছাড়া ১৪, ১৩, ১২, ১১ ও ৬ই নভেম্বরও দফায় দফায় কমানো হয় সোনার দাম। সব মিলিয়ে আট দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২৯২ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।