রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের ঐতিহাসিক রায়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের ঐতিহাসিক রায়

ফন্ট সাইজ:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ২০১৬-১৭ সালে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বিশ্বের সর্বোচ্চ এই আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল। এর মধ্য দিয়ে সাত বছর ধরে চলা একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের অবসান হলো।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘আদালত সম্পূর্ণভাবে নিশ্চিত যে, মিয়ানমার গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে। দেশটিতে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হয়েছিল।’

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে রাষ্ট্রের গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত গণহত্যার অভিযোগ মোকাবিলায় ভবিষ্যতের বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রেও এটি নজির হয়ে থাকবে।

২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। তাদের সঙ্গে আসা প্রত্যক্ষদর্শীরা গণহত্যা, নারী ও শিশুদের ওপর নির্যাতন, দলবদ্ধ ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছেন।

প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ
২০১৭ সালের আগস্টে রাখাইনে শুরু হওয়া সামরিক অভিযানে নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নৃশংসতার প্রমাণ পেয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার যে হিসাব উপস্থাপন করা হয়েছে, সাক্ষ্যপ্রমাণ তা সমর্থন করে।
এ ছাড়া নিরাপত্তা বাহিনী ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।

গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে যৌন সহিংসতার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড চালানো হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে। এর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত অপরাধও রয়েছে।
তদন্তকারীদের মতে, রোহিঙ্গা নারীদের ওপর পরিকল্পিত দলবদ্ধ ধর্ষণ ও যৌনাঙ্গে আঘাতের ঘটনাগুলো তাদের প্রজননক্ষমতা নষ্ট করার উদ্দেশ্যে চালানো হয়েছিল।

গাম্বিয়ার মামলায় ঐতিহাসিক রায়
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির পক্ষ থেকে বিচার চাওয়া হয়। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি করা হয়েছিল।
গাম্বিয়ার অভিযোগ ছিল, রাখাইনে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতা চালানো হয়েছে। মানুষ যখন প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছিল, তখন তাদের লক্ষ্য করে গুলি চালানো এবং তাদের ফিরে আসার পথ বন্ধ করে দেয়ার মতো ঘটনাও গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে।

গত জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সাক্ষ্য গ্রহণ করে। কক্সবাজারের শরণার্থীশিবির থেকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হেগে গিয়ে আদালতে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বর্তমানে বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

অন্যদিকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ৬ লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হয়।
২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা দ্য গার্ডিয়ানকে তোলা তুলি গ্রামের গণহত্যার বর্ণনা দিয়েছিলেন।

তাদের ভাষ্য অনুযায়ী, সেখানে বেসামরিক মানুষকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা, গণকবর তৈরি এবং শিশুদের নদীতে ডুবিয়ে মারার ঘটনা ঘটেছিল। পরে স্যাটেলাইট চিত্রে গ্রামটি পুড়িয়ে দেয়ার প্রমাণও পাওয়া যায়। মানবাধিকার তদন্তকারীদের কাছে এসব ঘটনা গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে।

আদালতে গাম্বিয়ার তৎকালীন বিচারমন্ত্রী দাওদা জালো বলেন, এই মামলা আন্তর্জাতিক আইনের জটিল কোনো তাত্ত্বিক বিষয় নিয়ে নয়। এটি বাস্তব মানুষ, তাদের জীবনের অভিজ্ঞতা এবং একটি জনগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্ন।
তিনি বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গারা। তাদের ধ্বংস করার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।’

গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের
এদিকে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গেরিলাধাঁচের হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান। তবে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মিয়ানমারের এই অবস্থানের বিপরীতে গণহত্যার দায় নির্ধারণ করেছেন।

২০১৬-১৭ সালের অভিযানের সময় সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন মিন অং হ্লাইং। ২০২১ সালে তিনি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থান ঘটান। এর পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে, যাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। চলতি বছরের এপ্রিলে তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন রয়েছে। তবে আইসিসি ব্যক্তির অপরাধের বিচার করে, আর আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে।

গাজা মামলাতেও প্রভাব ফেলতে পারে রায়
মিয়ানমারের বিরুদ্ধে এই মামলার রায় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ ছিল। বিশেষ করে গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলার ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে।

ইসরাইল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং গণহত্যা বিশেষজ্ঞদের কয়েকজন এরই মধ্যে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডে গণহত্যার উপাদান থাকার কথা বলেছেন। তবে ইসরাইল এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে ১৯৯০-এর দশকে বলকান যুদ্ধের নৃশংসতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে দুটি মামলা হলেও কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী করা হয়নি। তবে বসনিয়ার স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেছিল আদালত।হলোকাস্টের পর জাতিসংঘের বিভিন্ন ট্রাইব্যুনাল হাতে গোনা কয়েকটি ঘটনায় গণহত্যার দায় প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় খেমার রুজের শাসনামলের হত্যাযজ্ঞ এবং ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত গণহত্যা উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার নিজস্ব শক্তিশালী ব্যবস্থা নেই। তবে এ ধরনের রায়ের কূটনৈতিক গুরুত্ব রয়েছে এবং এর ভিত্তিতে নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্র তৈরি হতে পারে।