একযোগে পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি, বরখাস্ত দুই

একযোগে পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি, বরখাস্ত দুই

ফন্ট সাইজ:

বাংলাদেশ পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি, দু’জন অতিরিক্ত ডিআইজি ও ১৪ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিনে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বদলির প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে এবং জিএমপির উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, চট্রগ্রাম মেট্রোপলিটনের উপকমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এছাড়াও রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার, এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে কেএমপির উপকমিশনার, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার কবীর আহম্মেদকে কেএমপির উপকমিশনার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

দুই কর্মকর্তা বরখাস্ত

এদিকে, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর করা পৃথক দু’টি প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। বুধবার স্বাক্ষরিত হলেও প্রজ্ঞাপন দুটি বৃহস্পতিবার প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। বিভাগীয় মামলার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এসময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।