মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে

রায় পড়া চলছে

মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে

ফন্ট সাইজ:

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বলে প্রমাণ পেয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগে জড়িত ছিল বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় বৃহস্পতিবার পড়া শুরু করেছেন আদালতের প্রেসিডেন্ট ও বিচারক ইওয়াসাওয়া ইউজি।

রায়ে তিনি বলেন, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছিল বলে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ সমর্থন করে।
বিচারক ইউজি বলেন, আদালত প্রমাণ পেয়েছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্থানে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে। পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাপক যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। শিশুদের ওপর চরম নৃশংসতা চালানো হয়েছে। এমনকি প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপরও হামলা চালানো হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিচারক ইউজি বলেন, তাদের নিজস্ব ভাষা, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিচয় রয়েছে। তারা নিজেদের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেয়।
আদালতের মতে, রোহিঙ্গারা একটি সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। মিয়ানমার কয়েক দশক ধরে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছে।

বিচারক বলেন, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে এলেও বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে ধীরে ধীরে তাদের অধিকার খর্ব করা হয়েছে। তাদের প্রান্তিক অবস্থানে ঠেলে দিয়ে অত্যন্ত অরক্ষিত পরিস্থিতি তৈরি করা হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দিয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার যথাযথ তদন্ত করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলেও রায়ে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিচার আদালত। বিচারক ইউজি বলেন, অভিযোগগুলোর প্রকৃত তদন্ত করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। প্রয়োজনীয় তথ্য সরবরাহের পাশাপাশি সাক্ষ্যপ্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতেও দেশটি অস্বীকৃতি জানিয়েছে।
তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণ মূল্যায়নের সময় মিয়ানমারের এই অসহযোগিতার বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছে।
রায়ের পর্যবেক্ষণে ২০১৭ সালের আগস্টে সামরিক অভিযান শুরুর আগের ঘটনাগুলোর কথাও তুলে ধরা হয়েছে। ইউজি বলেন, রাখাইনে নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরসার হামলা এবং বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগের ঘটনা আদালত চিহ্নিত করেছে।

আরসা হলো আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী। তবে এসব ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্যাপক বেসামরিক প্রাণহানি, যৌন সহিংসতা ও অন্যান্য নৃশংসতার প্রমাণ পেয়েছে আদালত।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয় এতে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি করা হয়েছিল।
২০১৭ সালের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

এদিকে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির বক্তব্য, আরসার হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।
আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আদালতের রায় রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে; ব্যক্তিগতভাবে কোনো সেনা কর্মকর্তা বা সামরিক সদস্যের ফৌজদারি অপরাধের বিচার করে না।