ফ্যাসিবাদ ও আধিপত্য-বাদবিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বলেছেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, দু’টি নির্বাচনের মধ্যদিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এর একটি বাস্তবায়িত হলেও আরেকটি এখনো হয়নি। ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় এবং রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়াকে তিনি বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা তো সকলেই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, দেশের বৃহত্তর স্বার্থে জায়গাটায় ফিরে আসুন।
ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ক্ষমতার পরিবর্তন একটি স্বাভাবিক বিষয়। তাই সংস্কার বা সংশোধনের উদ্যোগ ব্যক্তিগত কিংবা দলীয় সুবিধার জন্য নয়, জাতির স্বার্থে নিতে হবে।
তিনি বলেন, শহীদদের আমানত, যোদ্ধাদের প্রত্যাশা, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, গণভোটের গণরায় ও জুলাই সনদের আলোকে যত দ্রুত সম্ভব ঐক্য ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হলে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা মোকাবিলা করা সম্ভব হবে। আধিপত্যবাদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আবার আধিপত্যের কালো ছায়া অনুভব করছে। সরকারকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসুক—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা বন্ধু চাই, আন্তরিক বন্ধু চাই। আমরা আমাদের উন্নয়ন সহযোগী চাই আন্তরিকভাবেই চাই। কিন্তু তাদের মর্যাদা এবং আমাদের মর্যাদা সমান তালে চলবে।
পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বিরোধীদলীয় নেতা। দেশের তৈরি পোশাকশিল্পসহ রপ্তানিমুখী শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিল্প বাঁচলে শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং মালিকরাও বাঁচবেন। এ খাতের বড় ধরনের ক্ষতি হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তিনি আরও বলেন, পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা নিয়ে আন্দোলন হলে অন্য কারখানায় হামলা, সিরামিক কারখানায় ভাঙচুর কিংবা বিদ্যুৎ অফিসে আগুন দেয়া হচ্ছে কেন? এসব ঘটনার পেছনে তৃতীয় কোনো অপশক্তি রয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘কোনো শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না। আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না। কারণ এটা তার নিজের ঠিকানা’।
তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে যারা কারখানা ও শিল্প-প্রতিষ্ঠানে হামলা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকার ও বিরোধী দল উভয় পক্ষ থেকেই এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়া প্রয়োজন।
তিনি বলেন, সংসদ সদস্যরা বিভিন্ন বিধিতে নোটিশ দিয়ে মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়গুলো তুলে ধরেছেন। কিন্তু এসবের বিরুদ্ধে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ। আজকে দ্রব্যের মূল্য দ্বিগুণ, তিন গুণ, আড়াই গুণ কেন হয়? এই চাঁদাবাজির কারণে হয়।
তিনি বলেন, শিল্প খাতেও চাঁদাবাজির প্রভাব পড়ছে। এ বিষয়ে একজন শিল্পোদ্যোক্তার বক্তব্য সংসদে উঠে এসেছে। সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের সংসদ সদস্যরাই চাঁদাবাজির সমস্যা অনুভব করেন। তাহলে সম্মিলিতভাবে এ সমস্যার সমাধান করা যাচ্ছে না কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
চাঁদাবাজির সঙ্গে জড়িত যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন শফিকুর রহমান। এমনকি তিনি নিজে চাঁদাবাজি করলেও যেন তাকে ছাড় দেয়া না হয়, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি চাঁদাবাজি করলেও আমাকেও হাতকড়া পরান।
দেশে বিচার প্রক্রিয়ায় কারও প্রতি অবিচার না করে সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে তাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু এখন একজন মানুষের সঙ্গেও সামান্য অবিচার হোক, তা তারা চান না। ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের প্রাপ্য শাস্তি পাবেন।
তিনি বলেন, বিচার নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যে বিভিন্ন আক্ষেপ উঠে এসেছে। একজন সংসদ সদস্য তার স্বামীর হত্যাকাণ্ডের বিচার ও বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে কিছু পদক্ষেপ নেয়া হলেও বিচার প্রক্রিয়ায় সমান আচরণ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, আমাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু একটা মানুষের সঙ্গেও সামান্য অবিচার করা হোক, এটা আমরা চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। ন্যায়বিচার নিশ্চিত হলে সকল খুনি তাদের ন্যায্য পাওনা শতভাগ পেয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ এখান থেকে বঞ্চিত হবে না।
বিরোধীদলীয় নেতা বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান—এই নীতি বাস্তবে কার্যকর হতে হবে। যাদের বিচারের আওতায় আনা হয়েছে, হচ্ছে বা হবে, তাদের সবার ক্ষেত্রে একই নীতি অনুসরণ করতে হবে। জনগণকে বিচার প্রক্রিয়ায় সমান আচরণের বিষয়টি দেখতে হবে।
