বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ অথবা স্থগিত করে দিয়েছিল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টমদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে নেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল।
কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল। তারেক রহমান বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। তিনি বলেন, শুধু তাই নয়, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেবে। বিদেশে কর্মী পাঠানোর নামে যারা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনও ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা তাঁর কাছে বোধগম্য হয়নি। সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে। এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেন তিনি। সংসদ সদস্য বলেন, সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনা দিলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে হবে না।
এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি। ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু বলেছিলাম যে, আমরা মালয়েশিয়াতে আলোচনা করে যেই বন্ধ জিনিসটা ছিল আমাদের মানুষ পাঠানোর, এটিকে আমরা ওপেন করতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সক্ষম হয়েছি। এবং আপনি জানলে আরও খুশি হবেন, আমরা কথাবার্তা বলে আমরা চেষ্টা করেছি যে, যারা যাবে তাদের টোটাল খরচ, যাওয়ার খরচ যাতে ম্যাক্সিমাম দুই লাখ টাকার ভিতরে থাকে। এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি। তবে, আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যখন যাবেন, এদেশ থেকে শ্রমিকরা যাবেন, তাদের ক্ষেত্রেও যাতে এটি করা সম্ভব হয়, সেই প্রক্রিয়াটি চলছে।’
অপর এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধামন্ত্রী বলেন, পলাতক সরকার মানুষকে এমনভাবে দেশের স্বাস্থ্য খাতের অবস্থা তৈরি করেছিল, মানুষকে বাধ্য করা হচ্ছিল কোনো একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। সে কারণে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কোনোভাবে ভালোভাবে করে গড়ে তোলা হয়নি, যাতে করে বাংলাদেশের মানুষ সঠিক স্বাস্থ্য সেবা পেয়ে থাকে। তিনি আরও বলেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটি টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে বাংলাদেশের সকল উপজেলায়। ৫০ সদস্যের যে হাসপাতাল আছে, এটিকে আগামী পাঁচ বছরে ১৫০ বেডে রূপান্তরিত করা হবে। প্রত্যেকটি উপজেলা হাসপাতালে আরো ১০০টি বেড সংযোগ করা হবে।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে গেলে দেখতে পাই মানুষ বেডের অভাবে বারান্দাসহ বিভিন্ন জায়গায় মেঝেতে শুয়ে থাকে। একটি পরিসংখ্যানে দেখা গেছে এরকম মানুষের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। যা অত্যন্ত দুঃখজনক, কষ্টকর ব্যাপার। তাই রাষ্ট্রের এরকম অর্থনৈতিক সংকটকালীন অবস্থার ভেতরেও গত কয়েক মাসে প্রায় সাড়ে তিন হাজার বেড সমগ্র বাংলাদেশে যুক্ত করতে সক্ষম হয়েছে সরকার।
