মার্কিন বাহিনীর ইরানের কেশম দ্বীপে হামলার পর উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা আরও বেড়েছে। এবার কুয়েতে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। গত সেপ্টেম্বরের পর মার্কিন মিত্র উপসাগরীয় দেশটিতে এটিই তেহরানের প্রথম হামলা। একই সময়ে বাহরাইন জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ইরানের আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে তারা। তেহরানের বিরুদ্ধে দেশটির অভিযোগ, বাহরাইনের প্রতি তারা ‘পদ্ধতিগতভাবে শত্রুতামূলক আচরণ’ করছে।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের আলি আল সালেম সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় মার্কিন সেনা ও সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির জবাবে এই অভিযান চালানো হয় বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন হামলায় অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। এদিকে কুয়েত জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার তাদের রয়েছে।
ইরানের নতুন হুঁশিয়ারি
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বুধবার প্রকাশিত ভিডিওতে দেশটির সেনাপ্রধান আমির হাতামিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন হুঁশিয়ারি দিতে দেখা গেছে। গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। হাতামি বলেন, ‘শত্রুপক্ষ যদি আবারও একই ভুল করে, তাহলে তাদের এবং তাদের সমর্থকদের আরও শক্তিশালী ও বিধ্বংসীভাবে মোকাবিলার প্রস্তুতি ও পরিকল্পনা আমাদের রয়েছে। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।’
ইরানের এই হুঁশিয়ারির মধ্যেই উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটির দাবি, ইরানের ধারাবাহিক হামলার চেষ্টা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হলেও হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হরমুজে জাহাজে হামলা, নিখোঁজ একজন
অক্টোবর থেকে সমুদ্রপথে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ আরও সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার ওমানের খাসাব উপকূলের কাছে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) ট্যাংকার থেকে নাবিকদের সরিয়ে নেয়া হয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আদনক এলঅ্যান্ডএস বুধবার জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালিতে তাদের একটি জাহাজে হামলার ঘটনায় একজন নাবিক নিখোঁজ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। জাহাজ চলাচলে এই অস্থিরতা বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের ওপর নতুন চাপ তৈরি করছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সব মিলিয়ে কেশম দ্বীপে মার্কিন হামলার পর কুয়েত ও বাহরাইনকে ঘিরে নতুন উত্তেজনা, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং ইয়েমেনের হুতিদের তৎপরতা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করছে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
