হিন্দুধর্মের সৌন্দর্য, প্রজ্ঞা ও বহুত্ববাদী দর্শনের প্রশংসা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। বলেছেন, ছোটবেলা থেকেই মায়ের পরিবারের কাছ থেকে হিন্দুধর্মের ঐতিহ্য ও শিক্ষা সম্পর্কে জানার সুযোগ হয়েছে তার। হিন্দুধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন শিক্ষা তুলে ধরে তিনি বলেন, সত্যে পৌঁছানোর অনেক পথ রয়েছে এবং মানুষের মধ্যে একই আলো বিরাজ করে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কে আয়োজিত এক দীপাবলি উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মামদানি।
অনুষ্ঠানে নিজের পারিবারিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তার মা পাঞ্জাবি-হিন্দু এবং বাবা গুজরাটি-উগান্ডীয় মুসলিম। ভিন্ন ধর্ম ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে বিভিন্ন ঐতিহ্যের সৌন্দর্য উপলব্ধি করতে শিখিয়েছে।
মামদানি বলেন, ‘আমাদের অভিন্ন ঐতিহ্য কখনোই একটি ভাষা, ধর্ম কিংবা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ছোটবেলা থেকেই মায়ের পরিবারের কাছ থেকে আমি শিখেছি, হিন্দুধর্মের মধ্যে কতটা সৌন্দর্য ও প্রজ্ঞা রয়েছে।’
হিন্দুধর্মের বহুত্ববাদী দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এটি বহু দেবতা ও নানা আখ্যানের ধর্ম। এর প্রাচীন ধর্মগ্রন্থ মানুষকে শেখায়, সত্যে পৌঁছানোর একাধিক পথ রয়েছে। মানুষের মধ্যে একই আলো বিরাজ করে, সে মন্দিরে, মসজিদে, গুরুদুয়ারায় প্রার্থনা করুক কিংবা কোনো ধর্ম অনুসরণ না করুক।
তার ভাষায়, ‘এটি বহু দেবতার ধর্ম। এর প্রাচীনতম ধর্মগ্রন্থ আমাদের শেখায়, সত্যে পৌঁছানোর অনেক পথ রয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যেই একই আলো বিরাজ করে। আমরা মন্দিরে প্রার্থনা করি, মসজিদে করি, গুরুদুয়ারায় করি কিংবা কোথাও প্রার্থনা না করি—তাতে কিছু যায় আসে না।’ অনুষ্ঠানে হিন্দুধর্মের দুটি মহাকাব্য রামায়ণ ও মহাভারতের কথাও উল্লেখ করেন মামদানি। তার মতে, এই দুই মহাকাব্যে পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ, কর্তব্য ও নৈতিকতার গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে।
তিনি বলেন, ‘রামায়ণ আমাদের শেখায়, আমরা কেমন ভাই, স্ত্রী, স্বামী ও বন্ধু হতে চাই। আর মহাভারত আমাদের দেখায়, পরিবার আসলে কেমন হয়। সেখানে সবচেয়ে সাহসী বীর কিংবা জ্ঞানী দেবতারাও ভুল করেন। আর সেখানে নিজের ধর্মীয় ও নৈতিক কর্তব্যকে আনুগত্যের ঊর্ধ্বে স্থান দিতে হয়।’ মামদানি আরও বলেন, হিন্দু ঐতিহ্যের এসব শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ন্যায়বিচারের আন্দোলনেও প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ এবং মার্টিন লুথার কিং জুনিয়রের ওয়াশিংটন অভিমুখে পদযাত্রার উদাহরণ দেন।
ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান
দীপাবলি উদযাপনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্য নিয়েও কথা বলেন নিউইয়র্কের মেয়র। তিনি বলেন, গত এক বছরে দেশটির বিভিন্ন স্থানে হিন্দু মন্দিরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতারাও শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্যবস্তু করেছেন বলে অভিযোগ করেন তিনি।
মামদানি বলেন, একসময় সমাজের প্রান্তিক পর্যায়ে সীমাবদ্ধ থাকা ঘৃণা এখন রাজনৈতিক প্রচারণার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিচ্ছে। ওয়াশিংটন কিংবা দিল্লি—যেখানেই ভয় ছড়ানোর রাজনীতি চলুক না কেন, তা প্রত্যাখ্যান করার দায়িত্ব সবার। তিনি বলেন, ‘ওয়াশিংটন হোক কিংবা দিল্লি, ভয় ছড়ানোর রাজনীতির বিরুদ্ধে আমাদের সবারই যৌথ দায়িত্ব রয়েছে। এই উৎসব উদযাপনের মধ্য দিয়ে আমাদের এমন সব রাজনীতি প্রত্যাখ্যান করতে হবে, যা পৃথিবীতে অন্ধকার নিয়ে আসে।’
যাদের পরিচয় ও দেশে বসবাসের অধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাদের উদ্দেশে মামদানি বলেন, ‘যাদের বলা হয়েছে নিজেদের দেশে ফিরে যেতে, যাদের এ দেশে থাকার অধিকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তাদের আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই—আপনারা আপনাদের ঘরেই আছেন।’
অনুষ্ঠানটি আয়োজন করতে পারাকে জীবনের অন্যতম বড় সম্মান ও সৌভাগ্য হিসেবে বর্ণনা করেন মামদানি। একই সঙ্গে নিউইয়র্ক শহরের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত-আমেরিকান মেয়র হতে পেরে গর্ব প্রকাশ করেন তিনি।
