চীনের শেনজেনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক। বৈঠককে সামনে রেখে শহরের কাইলিন ভিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই কমপ্লেক্সে তিন দেশের শীর্ষ নেতাদের বৈঠক ঘিরে বিশেষ প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। ১৯৯৭ সালে উদ্বোধন করা হয় কাইলিন ভিলা। দীর্ঘদিন ধরে চীনের নেতারা এবং শেনজেন সফরে আসা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অতিথিদের আতিথেয়তা দিয়ে আসছে এই কমপ্লেক্স। তবে এবার আনুষ্ঠানিক কোনো সম্মেলনকেন্দ্রের পরিবর্তে তুলনামূলক ব্যক্তিগত ও নিয়ন্ত্রিত পরিবেশের এই স্থানকে বৈঠকের জন্য বেছে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডিপল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিনসন কু মনে করেন, বৈঠকের জন্য এমন স্থান বেছে নেয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এটি আলাদা কোনো গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের পরিবর্তে এপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত একটি পার্শ্ববৈঠক হিসেবেই বিবেচিত হচ্ছে। শীর্ষ সম্মেলন কূটনীতি বিষয়ে বিশেষজ্ঞ মিনসন কু বিবিসিকে বলেন, চীন এপেক সম্মেলনের আয়োজক হওয়ায় শি জিনপিং চান মূল আয়োজন হিসেবে এপেক সম্মেলনই গুরুত্ব পাক। ত্রিপক্ষীয় বৈঠক যেন সেটিকে ছাপিয়ে না যায়, সে বিষয়েও বেইজিং সতর্ক থাকতে পারে।
অন্যদিকে, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাওইউ ইউয়ান বলেন, কাইলিন ভিলায় নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ। বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় বৈঠক শেষে ডনাল্ড ট্রাম্পের সরাসরি সেখান থেকে বিমানবন্দরে চলে যাওয়ার সুযোগও রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন কূটনীতি নিয়ে গবেষণাকারী এই অধ্যাপকের মতে, বেইজিংয়ের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক স্থানের তুলনায় কাইলিন ভিলার পরিবেশে আনুষ্ঠানিকতা কম। ফলে প্রায় এক ঘণ্টার এই বৈঠককে একটি কার্যকরী আলোচনা হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বৈঠকের আনুষ্ঠানিকতা যত কম থাকবে, সেখান থেকে দৃশ্যমান কোনো ফলাফল না এলেও রাজনৈতিক মূল্য বা চাপ তত কম হবে। অর্থাৎ, বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও নেতাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরির ঝুঁকি কম থাকবে।
সব মিলিয়ে, কাইলিন ভিলাকে বৈঠকের স্থান হিসেবে বেছে নেয়াকে এপেক সম্মেলনের মূল গুরুত্ব অক্ষুণ্ন রেখে তিন দেশের নেতাদের মধ্যে সীমিত পরিসরে আলোচনা আয়োজনের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
