একটি রাজনৈতিক দলের ক্ষতি সবসময় তার প্রতিপক্ষ ঘটায় না। কখনো কখনো দলের ভেতরে এমন সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়, যারা দলটির নাম ব্যবহার করে ক্ষমতার সুবিধা নেয়, অথচ দলটির আদর্শ, ইতিহাস, রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক ভিত্তির সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত দুর্বল। তারা ধীরে ধীরে পরীক্ষিত কর্মীদের জায়গা দখল করে, সাংস্কৃতিক পরিসর নিয়ন্ত্রণ করে, পেশাজীবী সংগঠনে প্রভাব বিস্তার করে এবং শেষ পর্যন্ত দলের রাজনৈতিক চরিত্রকেই অস্পষ্ট করে তোলে।
বিএনপির বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনায় এই প্রশ্নগুলো ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সরকার বিএনপির, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভায় বিএনপির নেতারা, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ হচ্ছে; কিন্তু রাষ্ট্র পরিচালনা, সাংস্কৃতিক নীতি, বুদ্ধিবৃত্তিক পরিসর ও রাজনৈতিক আচরণে বিএনপির নিজস্ব জাতীয়তাবাদী চরিত্র কতটা প্রতিষ্ঠিত হয়েছে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু বর্তমান মন্ত্রিসভা কিংবা কয়েকটি নিয়োগের দিকে তাকালে চলবে না। ফিরে দেখতে হবে দলটির দীর্ঘ সাংগঠনিক ইতিহাস, কমিটি গঠনের সংস্কৃতি, সাংস্কৃতিক রাজনীতির অবহেলা, পেশাজীবী সংগঠনের ক্ষমতার দ্বন্দ্ব এবং ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিচয় পরিবর্তনকারী সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল একটি বহুমাত্রিক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় ঐক্যের ধারণাকে কেন্দ্র করে দলটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্র করেছিল।
এই রাজনৈতিক প্ল্যাটফর্মে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক পটভূমির মানুষ যুক্ত হয়েছিলেন। কিন্তু বহুমাত্রিকতা আর আদর্শহীন সংকরায়ণ এক বিষয় নয়।
জিয়াউর রহমানের বিএনপির শক্তি ছিল ভিন্ন পেশা ও রাজনৈতিক অভিজ্ঞতার মানুষকে একটি নির্দিষ্ট জাতীয়তাবাদী রাজনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই রাজনৈতিক উত্তরাধিকার দীর্ঘ আন্দোলন, কারাবরণ, মামলা, নির্যাতন ও নির্বাচনী সংগ্রামের মধ্য দিয়ে টিকে ছিল। প্রশ্ন হচ্ছে, সেই উত্তরাধিকার আজ কতটা অক্ষুণ্ণ?
একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পর তার নিজস্ব আদর্শিক শক্তিকে আরও বিকশিত করবে, নাকি ক্ষমতার আশপাশে নতুন নতুন গোষ্ঠী তৈরি করে নিজেদের রাজনৈতিক পরিচয়ই অস্পষ্ট করে ফেলবে?
বিএনপির সাংগঠনিক দুর্বলতা আজকের নয়। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির বিভিন্ন কমিটি গঠন নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। বিশেষ করে ২০১৫-১৬ সালের পুনর্গঠন প্রক্রিয়া এবং ২০১৬ সালের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে ঘিরে সংবাদমাধ্যমে নানা অভিযোগ প্রকাশিত হয়েছিল। তৎকালীন সময়ে রুহুল কবির রিজভী আহমেদ ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রভাব নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছিল। এমনকি কমিটিকে ঘিরে 'রিজভী-শিমুল কমিটি' কথাটিও রাজনৈতিক আলোচনায় জায়গা পেয়েছিল। যে কর্মী বছরের পর বছর রাজপথে থেকেছেন, মামলা খেয়েছেন, কারাবরণ করেছেন, হামলার শিকার হয়েছেন, তাঁর পরিবর্তে এমন কাউকে পদ দেওয়া হলে, যার সাংগঠনিক অভিজ্ঞতা কিংবা তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই, তাহলে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র কোথায় থাকে? এভাবেই তৈরি হয় খাতা-কলমের নেতা। কেন্দ্রীয় কার্যালয়ের সুপারিশ, ব্যক্তিগত যোগাযোগ, গোষ্ঠীগত আনুগত্য ও ক্ষমতাকেন্দ্রের নৈকট্য হয়ে ওঠে নেতৃত্ব পাওয়ার প্রধান যোগ্যতা। ফলে রাজপথের কর্মী ধীরে ধীরে প্রান্তিক হন, আর ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তি হয়ে ওঠেন সংগঠনের নিয়ন্ত্রক।
বিএনপির সবচেয়ে বড় সাংগঠনিক দুর্বলতার একটি হচ্ছে সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজস্ব আদর্শিক শক্তির বিকাশে দীর্ঘদিনের ব্যর্থতা। একটি রাজনৈতিক দলের সাংস্কৃতিক বলয় তার রাজনৈতিক দর্শনের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রকাশ। কবি, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, সংগীতশিল্পী, সাংবাদিক, গবেষক, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকেরা একটি দলের রাজনৈতিক চিন্তাকে সমাজে বিস্তৃত করেন। কিন্তু বিএনপির সাংস্কৃতিক অঙ্গনে প্রকৃত জাতীয়তাবাদী সাংস্কৃতিক কর্মীদের বিকাশ কতটা হয়েছে, সেই প্রশ্নের যথেষ্ট অবকাশ রয়েছে।
বিএনপির পেশাজীবী সংগঠনগুলো একসময় দলটির বুদ্ধিবৃত্তিক ও নীতিনির্ধারণী শক্তির গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, অর্থনীতিবিদ, গবেষক ও অন্যান্য পেশাজীবীর মধ্যে বিএনপির নিজস্ব চিন্তাশীল নেতৃত্ব তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন সময়ে এসব সংগঠনের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে গোষ্ঠীগত প্রতিযোগিতা, ব্যক্তিগত প্রভাব এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কোনো কোনো পেশাজীবী সংগঠনে জামায়াত-ঘনিষ্ঠ গোষ্ঠীর প্রভাব রয়েছে বলে বিএনপির বিভিন্ন মহলে অভিযোগ শোনা যায়।
যে দলের নিজস্ব অর্থনীতিবিদ নেই, গবেষক নেই, সাংস্কৃতিক তাত্ত্বিক নেই, শিক্ষানীতিবিদ নেই, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নেই-অথবা থাকলেও তাঁরা নীতিনির্ধারণী পরিসরে গুরুত্ব পান না, সেই
দলের রাষ্ট্র পরিচালনার বুদ্ধিবৃত্তিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। অন্যের তৈরি করা বুদ্ধিবৃত্তিক কাঠামোর ওপর দাঁড়িয়ে একটি দল দীর্ঘদিন নিজস্ব রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করতে পারে না।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা। দীর্ঘ প্রবাসজীবনের পর তাঁর প্রত্যাবর্তনে দলের নেতা-কর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে এবার সাংগঠনিক পুনর্গঠন হবে, ত্যাগী কর্মীদের মূল্যায়ন হবে এবং দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনার অবসান ঘটবে। কিন্তু ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন কিছু মুখ ও গোষ্ঠীর আবির্ভাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অনেক নেতা-কর্মীর কাছে যাঁরা আগে পরিচিত ছিলেন না, যাঁদের আন্দোলন-সংগ্রামে দৃশ্যমান ভূমিকা ছিল না, তাঁদের কেউ কেউ গুরুত্বপূর্ণ যোগাযোগ ও অবস্থানে চলে আসছেন বলে অভিযোগ রয়েছে।
তারেক রহমানের সঙ্গে কারও সাক্ষাৎ বা যোগাযোগ থাকা অবশ্যই অপরাধ নয়। জাতীয় নেতৃত্বকে বিভিন্ন রাজনৈতিক, পেশাগত ও সামাজিক শ্রেণির মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। অতীতে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকা ব্যক্তিরাও নতুন রাজনৈতিক বাস্তবতায় অবদান রাখতে পারেন। কিন্তু রাজনৈতিক যোগাযোগ আর ক্ষমতার অংশীদারত্ব এক বিষয় নয়। দীর্ঘদিন বিএনপির রাজনৈতিক সংগ্রামের বাইরে থাকা কেউ যদি হঠাৎ দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চলে আসেন, তাহলে পরীক্ষিত কর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
হাইব্রিড রাজনীতি বলতে এমন এক সুবিধাবাদী রাজনৈতিক সংস্কৃতিকে বোঝানো যায়, যেখানে রাজনৈতিক আদর্শের চেয়ে ক্ষমতার সঙ্গে সম্পর্ক বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই শ্রেণির মানুষ রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিজেদের অবস্থান পরিবর্তন করেন। সরকার পরিবর্তিত হলে তাঁদের রাজনৈতিক পরিচয়ও নতুনভাবে সাজানো হয়। তাঁদের কাছে দল একটি আদর্শিক প্রতিষ্ঠান নয়; বরং প্রভাব, পদ-পদবি, ব্যবসায়িক সুযোগ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অর্জনের ক্ষেত্র। তবে নতুন মানুষকে অন্তর্ভুক্ত করাই সমস্যা নয়। সমস্যা হচ্ছে, অন্তর্ভুক্তির নামে পরীক্ষিত কর্মীদের অবমূল্যায়ন এবং রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে সুবিধাবাদকে পুরস্কৃত করা।
বিভিন্ন আসনে দীর্ঘদিনের রাজনৈতিক নেতা, আন্দোলনে সক্রিয় ব্যক্তিত্ব এবং স্থানীয়ভাবে পরিচিত নেতাদের মনোনয়ন না দেওয়ায় অসন্তোষের খবর প্রকাশিত হয়েছে। একজন নেতা দীর্ঘদিন রাজনীতি করলেন, এলাকায় সংগঠন গড়ে তুললেন, মামলা-হামলা মোকাবিলা করলেন, নির্বাচনী রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করলেন; কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না। দলীয় সিদ্ধান্ত মেনে নিলেন। এরপর তাঁর রাজনৈতিক অবদানকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে?
সরকার পরিচালনায় মন্ত্রীদের দায়িত্ব শুধু বক্তব্য দেওয়া নয়। প্রত্যেক মন্ত্রণালয়ের নির্দিষ্ট দায়িত্ব, নীতিগত সীমা ও প্রশাসনিক জবাবদিহি রয়েছে। কিন্তু কখনো কখনো দেখা যায়, একজন মন্ত্রী এমন বিষয়ে মন্তব্য করছেন, যা তাঁর মন্ত্রণালয়ের দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। অন্যদিকে যে বিষয়ে তাঁর বক্তব্য
দেওয়া প্রয়োজন, সেই বিষয়ে যথাযথ ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত কথন, অসংলগ্ন বক্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য এবং দায়িত্বের সীমা সম্পর্কে অসচেতনতা সরকারের রাজনৈতিক ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। ২০২৬ সালে শিক্ষামন্ত্রীর এইচএসসি পরীক্ষা পরিচালনা নিয়ে বক্তব্য ও সিদ্ধান্ত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ঠিকাদারদের কাছ থেকে উপহার গ্রহণসংক্রান্ত মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমে বিতর্ক প্রকাশিত হয়েছে। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও একটি সাধারণ প্রশ্ন সামনে আনে: মন্ত্রীদের রাজনৈতিক যোগাযোগ, বক্তব্য ও প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্যে কি যথেষ্ট সমন্বয় রয়েছে?
একটি সরকারের রাজনৈতিক চরিত্র শুধু প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রকাশ পায় না। প্রতিটি মন্ত্রীর আচরণ, সিদ্ধান্ত, বক্তব্য এবং দায়িত্ব পালনের মধ্য দিয়েও সেই চরিত্র নির্মিত হয়।। সরকার বিএনপির হলেই তার প্রতিটি সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে জাতীয়তাবাদী হয়ে যায় না। বিএনপির নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা, সাংস্কৃতিক বিকাশ, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সৃজনশীল চিন্তার পরিবেশ তৈরির অঙ্গীকার রয়েছে।
কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, পেশাজীবী সংগঠন ও বুদ্ধিবৃত্তিক পরিসরে কী ধরনের পরিবর্তন ঘটছে, সেটি মূল্যায়ন করা প্রয়োজন। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় জাতীয়তাবাদী চরিত্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তার প্রতিফলন থাকতে হবে সাংস্কৃতিক নীতি, শিক্ষা, গণমাধ্যম, অর্থনীতি, প্রশাসন, পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনায়। সর্বপরি সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠায়।
বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন আদর্শিক সংকরায়ণ তৈরি হয়েছে। ডানপন্থীদের একাংশ বামপন্থী রাজনৈতিক ভাষা ব্যবহার করছেন, বামপন্থীদের একটি অংশ ডানপন্থী রাজনৈতিক অবস্থানের সঙ্গে সমঝোতা করছেন, আবার জাতীয়তাবাদী পরিচয়ের আড়ালে বিভিন্ন রাজনৈতিক দর্শনের গোষ্ঠী নিজেদের অবস্থান তৈরি করছে। নানা গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে গিয়ে দলের নিজস্ব রাজনৈতিক দর্শন ও পরিচয় দুর্বল হয়ে যায়।
বিএনপির সামনে চ্যালেঞ্জ হচ্ছে, বহুমাত্রিক রাজনৈতিক অংশগ্রহণকে স্বাগত জানিয়েও নিজেদের আদর্শিক স্বাতন্ত্র্য বজায় রাখা। যখন মন্ত্রী নিজের দলের ত্যাগী কর্মীদের চিনতে পারেন না, যখন কমিটি গঠনে রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে ব্যক্তিগত যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন সাংস্কৃতিক কর্মী নিজের সংগঠনে জায়গা পান না, যখন বুদ্ধিজীবীরা নীতিনির্ধারণী পরিসর থেকে দূরে থাকেন এবং যখন নতুন সুবিধাভোগী শ্রেণি দলের রাজনৈতিক পরিচয়ের ওপর প্রভাব বিস্তার করে-তখন সেই দলের ভেতরে একটি গভীর কাঠামোগত সংকট তৈরি হয়।
বিএনপির রাজনৈতিক ইতিহাসে অসংখ্য ত্যাগী নেতা-কর্মী রয়েছেন। তাঁদের ত্যাগের ওপর দাঁড়িয়েই দলটি দীর্ঘ প্রতিকূলতা অতিক্রম করে রাষ্ট্রক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় আসার পর যদি সেই কর্মীদের জায়গা দখল করে নতুন সুবিধাভোগী শ্রেণি, যদি সাংস্কৃতিক পরিমণ্ডল বিনোদন ব্যবসার পরিচিত মুখ দিয়ে সাজানো হয়, যদি রাষ্ট্রীয় গণমাধ্যমে পুরোনো বলয়ের প্রভাব নতুনভাবে ফিরে আসে, যদি আদর্শিকভাবে সম্পৃক্ত মানুষদের উপেক্ষা করা হয়, যদি পেশাজীবী ও বুদ্ধিবৃত্তিক পরিসর অন্য গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে পড়ে, তাহলে বিএনপির সামনে গভীর রাজনৈতিক সংকট তৈরি হবে। আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) মতো বিরাট বুদ্ধিবৃত্তিক পরিসরের সাথে মোকাবেলা করতে নানা রাজনৈতিক পরিচয়ের মানুষজন ভাড়া করেও পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়, যদি না নিজের কিছু না থাকে।
বিএনপির রাজনৈতিক উদাসীনতার সুযোগ নিচ্ছে কারা?
আবু জুবায়ের
মত-মতান্তর
২৮ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ৯ঃ২৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
