দেশের রাজনীতির আগুন প্রবাসেও। রাজনৈতিক বিভাজন এখন লন্ডন, নিউইয়র্কসহ প্রবাসের বিভিন্ন শহরে দৃশ্যমান। সংঘর্ষ, হেনস্তা ও পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে বিব্রত সাধারণ প্রবাসীরা। কয়েকজনের কর্মকাণ্ডকে পুঁজি করে বাংলাদেশিদের বিরুদ্ধে সরব হচ্ছে অভিবাসনবিরোধী রাজনীতিকেরা। প্রশ্ন উঠেছে, দলীয় স্বার্থের এই সংঘাতের দায় আর কত দিন বহন করবেন প্রবাসীরা?
বিদেশের মাটিতে গিয়েও কি বাংলাদেশের রাজনৈতিক সংঘাত থেকে মুক্তি নেই? দেশ ছেড়েছেন জীবিকার সন্ধানে, পরিবারের ভবিষ্যৎ গড়তে, নিরাপদ জীবন ও সম্মানের আশায়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিভাজন যেন তাঁদের পিছু ছাড়ছে না। দেশের রাজনৈতিক বিরোধ এখন লন্ডনের রাজপথে, নিউইয়র্কের জনসমাগমে, ইউরোপের বিভিন্ন শহরে। সভা-সমাবেশে বাধা, রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্তা, গালাগালি, ধাক্কাধাক্কি, এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটছে। এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি, বিব্রত হচ্ছেন সাধারণ প্রবাসীরা।
সর্বশেষ পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে সংঘর্ষের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ১৬ নভেম্বর রাতে আওয়ামী লীগ সমর্থক ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা থেকে হাতাহাতি ও মারামারি হয়। মেট্রোপলিটন পুলিশের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের পর তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের কারও আঘাত প্রাণঘাতী ছিল না। পুলিশ তদন্ত শুরু করে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ চায়।
কিন্তু ঘটনাটি শুধু দুই রাজনৈতিক পক্ষের সংঘর্ষে সীমাবদ্ধ থাকেনি। ব্রিটেনের অভিবাসনবিরোধী রাজনীতিকেরা এটিকে নিজেদের রাজনৈতিক প্রচারণার অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন।
রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিদেশি সংস্কৃতি আমদানির প্রসঙ্গ তুলেছেন। সহিংসতায় জড়িত বিদেশি নাগরিকদের বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন। তাঁর দলের হোম অ্যাফেয়ার্সবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ ঘটনাটিকে ব্রিটেনের অভিবাসননীতির ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো এবং কট্টর ডানপন্থী অ্যাকটিভিস্ট টমি রবিনসনও বাংলাদেশিদের বহিষ্কারের দাবি তুলেছেন।
এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের নাগরিকত্ব কিংবা অভিবাসন পরিচয় কী? তাঁরা ব্রিটিশ নাগরিক, স্থায়ী বাসিন্দা, নাকি অন্য কোনো অভিবাসন মর্যাদায় রয়েছেন? এ বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। অথচ কয়েকজনের কর্মকাণ্ডের দায় পুরো বাংলাদেশি জনগোষ্ঠীর ওপর চাপানোর চেষ্টা চলছে। এটি যেমন অন্যায়, তেমনি ব্রিটেনের অভিবাসনবিরোধী রাজনীতির একটি পরিচিত কৌশলও।
কিন্তু অন্যের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেই নিজেদের দায় শেষ হয়ে যায় না। বাংলাদেশের রাজনৈতিক বিরোধ কেন লন্ডনের রাস্তায় গড়াবে? কেন বিদেশের মাটিতে বসবাস করেও আমরা দেশের রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে পারছি না?
এটি কোনো বিচ্ছিন্ন প্রবণতা নয়। নিউইয়র্কে গত ২৪ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঘিরে উত্তেজনার ঘটনাও আলোচনায় আসে। প্রকাশিত ভিডিওতে একদল বাংলাদেশি প্রবাসীকে তাঁর দিকে এগিয়ে গিয়ে আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা যায়।
ফ্রান্সে উপদেষ্টাকে হেনস্তা এবং সুইজারল্যান্ডে অধ্যাপক নজরুলকে ঘিরে অশোভন আচরণের অভিযোগও প্রবাসী রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
ঘটনাগুলোর প্রেক্ষাপট এক নয়। কিন্তু একটি সাধারণ সমস্যা স্পষ্ট—রাজনৈতিক মতভিন্নতা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ, অপমান ও সংঘাতে রূপ নিচ্ছে।
প্রতিবাদ করা নাগরিক অধিকার। সরকারের সমালোচনা, জনপ্রতিনিধিকে প্রশ্ন করা কিংবা রাজনৈতিক নেতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার প্রবাসীদেরও রয়েছে। কিন্তু প্রতিবাদ আর হেনস্তা এক বিষয় নয়। কঠিন প্রশ্ন করা আর গালাগালি করা এক নয়। রাজনৈতিক বিরোধের নামে শারীরিক সংঘর্ষ কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ হতে পারে না।
প্রবাসী রাজনীতির সংকটের আরেকটি দিক রয়েছে। বিদেশে রাজনৈতিক দলের শাখা, কমিটি, পদ-পদবি এবং নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে যে প্রতিযোগিতা চলছে, তা কতটা প্রবাসীদের কল্যাণে কাজে লাগছে? নাকি এর একটি অংশ পরিণত হয়েছে ব্যক্তিগত প্রভাব বিস্তার, নেতৃত্বের প্রতিযোগিতা এবং অর্থ সংগ্রহের ব্যবস্থায়?
একই শহরে একই দলের একাধিক কমিটি, একাধিক সভাপতি, একাধিক সাংগঠনিক সম্পাদক। এসব নিয়ে বিরোধ নতুন নয়। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য, কখনো প্রকাশ্য অপমান, আবার কখনো আদালত পর্যন্ত গড়ায় বিরোধ। ঢাকার নেতাদের আশীর্বাদে বিদেশে পদ-পদবি বণ্টনের রাজনীতি প্রবাসীদের মধ্যে বিভাজন আরও বাড়াচ্ছে কি না, সেটিও বিবেচনার দাবি রাখে।
প্রবাসীদের বড় অংশ রাজনীতি করতে বিদেশে যাননি। তাঁরা গেছেন জীবিকা ও পরিবারের ভবিষ্যৎ গড়তে। প্রতিদিন দীর্ঘ সময় কাজ করেন, বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখেন। দেশের দুর্যোগে, সংকটে কিংবা জাতীয় প্রয়োজনে পাশে দাঁড়ান। অথচ রাজনৈতিক সংঘর্ষের ভিডিও আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়লে নেতিবাচক পরিচয়ের বোঝা তাঁদেরও বহন করতে হয়।
এখানে রাজনৈতিক দলগুলোর দায় সবচেয়ে বেশি। ঢাকায় বসে বিদেশে কমিটি অনুমোদন, পদ-পদবি বণ্টন, নিজেদের অনুসারীদের দিয়ে সাংগঠনিক প্রভাব বিস্তার এবং পরে সংঘর্ষের দায় এড়িয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। কোনো দলের নেতা বিদেশে শাখা গঠন বা পরিচালনায় উৎসাহ দিলে, সেই সংগঠনের কর্মকাণ্ডের দায় থেকেও দলটি পুরোপুরি মুক্ত থাকতে পারে না।
তবে সমাধান বিদেশে সব ধরনের রাজনৈতিক মতপ্রকাশ নিষিদ্ধ করা নয়। প্রবাসীরা বাংলাদেশের নাগরিক। দেশের রাজনীতি নিয়ে কথা বলা, মতামত দেওয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার তাঁদের রয়েছে। কিন্তু দলীয় পরিচয়ের আড়ালে সহিংসতা, ভয়ভীতি, হেনস্তা কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত করার অধিকার কারও নেই।
বিদেশে বাংলাদেশ ফোরাম, সাংস্কৃতিক সংগঠন, ডায়াসপোরা কাউন্সিল কিংবা উন্নয়নভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলার সুযোগ বাড়ানো যেতে পারে। এসব সংগঠন দেশের সংস্কৃতি, ভাষা, ইতিহাস, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বিদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগও রাখতে পারে। তবে এসব উদ্যোগ যেন কোনো রাজনৈতিক দলের বিকল্প শাখায় পরিণত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রাজনৈতিক দলগুলোর নিজেদের অবস্থান পরিষ্কার করা। আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামায়াত কিংবা অন্য কোনো দল—কারও জন্য আলাদা নিয়ম হতে পারে না। যে দলের কর্মীই বিদেশে সহিংসতায় জড়িত হোক, তদন্ত ও আইন অনুযায়ী তার বিচার হতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া যাবে না, আবার পরিচয়ের কারণে কাউকে অন্যায়ভাবে দায়ীও করা যাবে না।
ব্রিটেনের অভিবাসনবিরোধী রাজনীতিকেরা বাংলাদেশের একটি সংঘর্ষকে ব্যবহার করে পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। তাঁদের সেই সুযোগ কমানোর দায়ও আমাদের। কারণ আমরা যখন নিজেদের রাজনৈতিক বিরোধ সামলাতে ব্যর্থ হই, তখন অন্যরা সেই ব্যর্থতাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে।
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি। তাঁদের শ্রম, ঘাম ও অর্জনের সঙ্গে দেশের মর্যাদা জড়িয়ে আছে। তাঁদের পরিচয় যেন রাজনৈতিক সংঘর্ষের ভিডিও, গালাগালি কিংবা বহিষ্কারের দাবির সঙ্গে যুক্ত না হয়।
এখন সময় রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনার। বিদেশের মাটিতে দলীয় আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা নয়, দেশের মর্যাদা রক্ষার প্রতিযোগিতা হওয়া উচিত। রাজনৈতিক মতভেদ থাকবে, প্রতিবাদ থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু সহিংসতা, হেনস্তা ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকতে পারে না।
প্রবাসীরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে যাননি। তাঁরা গেছেন নিজেদের ও দেশের ভবিষ্যৎ গড়তে। তাঁদের সম্মান রক্ষার দায় রাজনৈতিক দলগুলোরও। দেশ আগে, দল পরে । এই কথাটি শুধু স্লোগানে নয়, আচরণেও প্রমাণ করার সময় এসেছে।
লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট
E-mail: [email protected]
