গবেষণা পৌঁছাতে হবে কৃষকের মাঠে

সিমিট-এর জাতীয় পরামর্শ সভার সমাপনী অধিবেশনে বক্তারা

গবেষণা পৌঁছাতে হবে কৃষকের মাঠে

ফন্ট সাইজ:

কৃষি উদ্ভাবন তখনই বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে, যখন তা কৃষকের মুনাফা ও জলবায়ু সহনশীলতা বাড়াবে এবং একই সঙ্গে সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব হবে। আন্তর্জাতিক ভুট্টা ও গম গবেষণা কেন্দ্র (সিমিট), বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পরামর্শ সভার দ্বিতীয় ও সমাপনী দিনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বাংলাদেশে টেকসই ও সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থার জন্য উদীয়মান চাহিদা ও কৌশলগত বিনিয়োগ’ শীর্ষক এ সভার সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে গবেষক, সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা ও উন্নয়ন সহযোগীরা গবেষণাকে কীভাবে কৃষকের প্রয়োজনীয় সেবা, বাজার ও অর্থায়নের সঙ্গে যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী অধিবেশনে মাটির স্বাস্থ্য, ক্ষুদ্র কৃষকদের যান্ত্রিকীকরণ, নিরাপদ ফসল ভ্যালু চেইন এবং কৃষিতে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। সভায় মূলত চারটি বার্তা দেয়া হয়।

এগুলো হলো- উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি মাটির স্বাস্থ্য, পানি ও সারের দক্ষ ব্যবহার, খাদ্য নিরাপত্তা ও কৃষকের প্রকৃত আয় পরিমাপ করা; দক্ষ অপারেটর, মানসম্মত যন্ত্রপাতি ও উপযুক্ত অর্থায়নের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ ও ডিজিটাল সেবা সম্প্রসারণ করা; উৎপাদিত ফসলকে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, নিরাপদ ব্যবস্থাপনা ও বাজার তথ্যের সঙ্গে যুক্ত করা এবং গবেষণা অংশীদারিত্ব জোরদার করে নারী কৃষকসহ সবার কাছে সহজবোধ্য রূপে প্রযুক্তি পৌঁছে দেওয়া।
সমাপনী দিনের প্রথম অধিবেশনে ‘কৃষিতাত্ত্বিক গবেষণার পুনর্বিবেচনা’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন বিএআরসি-র সদস্য পরিচালক ড. মো. হারুনুর রশীদ। এতে সিমিট ভারতের এগ্রোইকোলজি বিশেষজ্ঞ ড. অ্যালিসন লাইং পাঁচ বছর মেয়াদি প্রকল্পের ফলাফল তুলে ধরে বলেন, শীতকালীন ভুট্টার সারির মাঝখানে ঘনত্ব না কমিয়েই শিমজাতীয় সবজি, শাক, বাঁধাকপি ও ফুলকপি চাষ করলে ভুট্টার ফলন ঠিক থাকে এবং কৃষকেরা বাড়তি আয় ও পুষ্টি পান। নাফকো গ্রুপের চেয়ারম্যান এম. এম. হুদা জানান, জিংক, বোরন ও ম্যাগনেসিয়ামসমৃদ্ধ বিশেষ সার ব্যবহারে অতিরিক্ত ইউরিয়ার ব্যবহার ও খরচ কমে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মহাপরিচালক ড. মো. আফসার আলী উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা ও মাটির ধরন অনুযায়ী সার সুপারিশের ওপর জোর দেন এবং পোর্টেবল সয়েল সেন্সরগুলো ল্যাবরেটরি পদ্ধতির সঙ্গে যাচাই করে নেয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. চয়ন কুমার সাহার সভাপতিত্বে যান্ত্রিকীকরণবিষয়ক অধিবেশনে সিমিট বাংলাদেশের প্রশিক্ষণ ব্যবস্থাপক ভারতী পারুপল্লী বলেন, ক্ষুদ্র কৃষকদের মৌসুমে মাত্র কয়েকদিনের জন্য যন্ত্রের প্রয়োজন হয়। তাই ভাড়ায় যন্ত্র সেবাদানকারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও ঋণ সুবিধা দেওয়া জরুরি। বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আরশাদুল হক জানান, জমি চাষ, সেচ ও মাড়াই প্রায় শতভাগ যান্ত্রিকীকরণ হলেও রোপণ, আগাছা দমন ও ফসল কাটার ক্ষেত্রে আরও এগোতে হবে। এসিআই মটরস লিমিটেডের বিজনেস ম্যানেজার ইয়াসির ইবনে আসহাব শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির প্রেক্ষাপটে যন্ত্রের অবস্থান ও কাজের হিসাব রাখার ডিজিটাল পদ্ধতি তুলে ধরেন।
অনুষ্ঠানে ‘উৎপাদনের বাইরে ফসলের ভ্যালু চেইন রূপান্তরে উদ্ভাবন, বাজার ও বিনিয়োগ’ শীর্ষক প্যানেল আলোচনায় আইফার্মার লিমিটেডের ইখতিয়ার সোবহান সহজ শর্তে ঋণ দিতে ডিজিটাল লেনদেনের তথ্যের গুরুত্ব তুলে ধরেন। পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক তানভীর সুলতানা অর্থায়নের পাশাপাশি মানসম্মত বীজ, পরামর্শ ও বাজার সংযোগের ওপর জোর দেন। ইস্পাহানি এগ্রো লিমিটেডের পরিচালক ফৌজিয়া ইয়াসমিন জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন ও ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান জানান। খাদ্য নিরাপত্তা বিষয়ে বাকৃবির অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম ভুট্টা ও চিনাবাদামে আফলাটক্সিন দূষণ রোধে জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতির কথা জানান।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব নিরাপদ খাদ্য নিশ্চিতকরণকে সবার যৌথ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। কৃষি বিপণন অধিদপ্তরের (ডিএএম) উপসচিব ড. মোহাম্মদ রাজু আহমেদ জানান, বাজার চাহিদা যাচাইয়ের মাধ্যমে তাদের প্রকল্প এলাকায় প্রায় ১ হাজার ৫০০ উদ্যোক্তা তৈরি হয়েছে।
দ্বিতীয় অধিবেশনে ‘বাংলাদেশে সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থার জন্য উদীয়মান প্রযুক্তি ও সেবা’ শীর্ষক প্যানেল আলোচনায় এসিআই ফার্টিলাইজারের উপ-নির্বাহী পরিচালক কৃষিবিদ বশির আহমেদ, জিনিয়াস ফার্মস লিমিটেডের সিইও মদিনা আলী এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-র হেড অব ইমপ্যাক্ট বিজনেস অনুপম দাস ফসলে নিখুঁতভাবে বালাইনাশক ছিটানো ও পর্যবেক্ষণে ড্রোন, এআইয়ের মাধ্যমে রোগ শনাক্তকরণ ও আবহাওয়ার আগাম সতর্কবার্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা জানান, ভাড়ায় ড্রোন সেবা ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এসব প্রযুক্তি কৃষকদের নাগালে আনা সম্ভব।