ইতিহাসে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড (সিও২) রপ্তানিকারক দেশ হলো রাশিয়া, সৌদি আরব এবং অস্ট্রেলিয়া। ১৮৫০ সাল থেকে জীবাশ্ম জ্বালানির ওপর করা এক বিশ্লেষণে এই তথ্য পাওয়া যায়। বিশাল কয়লা, তেল এবং গ্যাসের মজুত নিয়ে বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি রপ্তানিকারকদের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। ২০২৫ সালের শেষ পর্যন্ত এসব রপ্তানি করা জ্বালানি পোড়ানোর ফলে ৭০ গিগাটনেরও বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এই নিঃসরণের জন্য রাশিয়া দায়ী। এরপরই রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদক দেশ সৌদি আরব। তারা প্রায় ৬০ গিগাটন কার্বন ডাইঅক্সাইড রপ্তানি করেছে। দেশটি দীর্ঘদিন ধরে জাতিসংঘের বার্ষিক জলবায়ু শীর্ষ সম্মেলনগুলোতে একটি প্রতিবন্ধক শক্তি হিসেবে কাজ করছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
তালিকায় শীর্ষ দুই রপ্তানিকারকের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রপ্তানি করা সিও২-এর পরিমাণ ২৫ গিগাটনেরও বেশি, যা ভেনেজুয়েলার চেয়ে সামান্য বেশি। কাকতালীয়ভাবে, অস্ট্রেলিয়া এই বছর তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ৩১-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। সম্মেলনটি এখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। দেশটির অর্থনীতি প্রায় দুই-পঞ্চমাংশ জীবাশ্ম জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল। তবে তারা এখনো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বা রপ্তানি বন্ধের কোনো সময়সীমা নির্ধারণ করেনি। মেক পলিউটারস পে ইন্টারন্যাশনাল কোয়ালিশনের আহ্বায়ক লুইস হাচিন্স জানান, জলবায়ু আলোচনায় কী ভুল হচ্ছে তা এই বিশ্লেষণ থেকে স্পষ্ট বোঝা যায়।
কার্বন ব্রিফের করা এই বিশ্লেষণে জীবাশ্ম জ্বালানি উত্তোলনকারী দেশের ওপর ভিত্তি করে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের দায়ভার চাপানো হয়েছে। এই পদ্ধতিতে বিশ্বের অর্থনীতি এবং নির্গমনের ঐতিহাসিক দায়ভারকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। রপ্তানিকারক দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনকারীদের তালিকায় তুলনামূলকভাবে নিচে থাকতে পারে, কারণ সেই হিসাবগুলো মূলত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ওপর ভিত্তি করে করা হয়। বিশ্লেষণটিতে আরও দেখা যায়, বিশ্বের বর্তমান শীর্ষ দুটি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র এবং চীন ঐতিহাসিক নির্গমনের ক্ষেত্রে রাশিয়া, সৌদি বা অস্ট্রেলিয়ার চেয়েও বেশি দায়ী। এর কারণ হলো তারা বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানির পাশাপাশি তাদের নিজেদের মজুতও পুড়িয়েছে। ডনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি অন্য দেশগুলোর ওপর আপস করার চাপ কমিয়েছে।
