পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

ফন্ট সাইজ:

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আগের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছিল।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় রাজধানীতে বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানি সভায় সভাপতিত্ব করবেন। সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা তাদের আনুষ্ঠানিক মজুরি প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা হবে। এর আগে সোমবার বোর্ডের শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সভাটি স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় শ্রম অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

এদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, মজুরি প্রস্তাব দেওয়ার জন্য মালিকপক্ষ পুরোপুরি প্রস্তুত ছিল।
বিবৃতিতে সংগঠন দুটির নেতারা বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য কারখানার মালিকদের পর্যাপ্ত সময় দিতে দ্রুত সভার নতুন তারিখ ঘোষণার অনুরোধ জানিয়েছিলেন তারা।