বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা গ্রামীণ ব্যাংকের

বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা গ্রামীণ ব্যাংকের

ফন্ট সাইজ:

দেশের বিভিন্ন শাখায় সাম্প্রতিক ধারাবাহিক অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, গত ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের মোট ২০টি শাখায় অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। কয়েকটি শাখায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের উলপুর শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর এবং হার্ডডিস্ক নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই দিন টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় অগ্নিসংযোগে কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; বরং এর সঙ্গে জড়িত দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনের ওপরও আঘাত।

দরিদ্র মানুষের ব্যাংকে আগুন কেন, কার স্বার্থে এই ধ্বংসযজ্ঞ—এমন প্রশ্ন রেখে ওই বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এবং এর সংশোধিত বিধান অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ ব্যাংক। প্রচলিত আইন অনুযায়ী, ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের এবং অবশিষ্ট ১০ শতাংশ সরকারের। ব্যাংকের পরিচালনা বোর্ডে ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত নয়জন পরিচালকের প্রতিনিধিত্বের বিধান রয়েছে। অর্থাৎ, গ্রামীণ ব্যাংকের সদস্যরা শুধু ঋণগ্রহীতা নন, তারাই এই প্রতিষ্ঠানের প্রধান মালিক ও অন্যতম অংশীদার। তাদের ব্যাংকে আগুন দেওয়ার অর্থ তাদের নিজেদের সম্পদ, অর্থনৈতিক সম্ভাবনা ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করা।

আরও বলা হয়, ব্যাংকের অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বিস্তৃত কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে অসংখ্য পরিবারের জীবিকা, সঞ্চয়, বিনিয়োগ ও ভবিষ্যৎ। একটি শাখা পুড়ে গেলে শুধু আসবাবপত্র, কম্পিউটার কিংবা নথিপত্রই নষ্ট হয় না; বিঘ্নিত হতে পারে অসংখ্য দরিদ্র মানুষের প্রয়োজনীয় আর্থিক সেবা। ক্ষতিগ্রস্ত হন সেই নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও সাধারণ সদস্য, যাদের আত্মনির্ভরতার স্বপ্নকে এগিয়ে নিতে গ্রামীণ ব্যাংক কাজ করে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হলো। যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। সঠিক তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণ ব্যাংক শাখা বা অনুমোদিত ব্যাংক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিবৃতি আরও বলা হয়, ব্যাংক বিনীতভাবে আশা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করবে, দায়ীদের চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে এবং দেশজুড়ে শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রাখবে।