কয়েকদিন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকার পর পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
এদিন সকাল থেকে সাভারের হেমায়েতপুরে বাগবাড়ি এলাকার ‘স্টারলিং গ্রুপ’-এর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, ‘এই এলাকার অন্য কোনো কারখানায় সমস্যা নেই। সবাই স্বাভাবিকভাবে কাজ করছেন। শুধু এই একটি (স্টারলিং গ্রুপ) কারখানার শ্রমিকেরাই ঝামেলা করছেন। তবে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।’
অপরদিকে একই দাবিতে সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন। সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশসহ বিজিবি মোতায়েন রয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেন। পরে কিছু কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।’
সাভার ও আশুলিয়ায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
অনলাইন
১ ঘন্টা আগে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৪০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
