সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন কারাগারে আত্মহত্যা করেননি। বরং তাকে হত্যা করা হয়েছিল বলে এক ফরেনসিক বিশেষজ্ঞ দাবি করেছেন। অধ্যাপক মাইকেল ফ্রিম্যান জানান, এপস্টেইনকে সম্ভবত পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এ খবর দিয়েছে বিবিসি।
বিবিসি নিউজনাইটকে ফ্রিম্যান জানান, নিউইয়র্ক সিটির মেডিকেল পরীক্ষকের ফাইল পর্যালোচনা করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে ২০১৯ সালে ময়নাতদন্তকারী মেডিকেল পরীক্ষক সিদ্ধান্তে এসেছিলেন যে এপস্টেইনের আঘাতগুলো আত্মহত্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেখানে আত্মরক্ষার কোনো আঘাতের চিহ্ন ছিল না, যা হত্যার ক্ষেত্রে সাধারণত দেখা যায়। যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের কারাগারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এপস্টেইনের ভাই মার্ক ইপস্টিনের দেয়া ফাইল এবং ময়নাতদন্তের ছবিগুলোর ওপর ভিত্তি করে ফ্রিম্যান তার এই সিদ্ধান্ত নিয়েছেন। মার্ক সবসময় দাবি করেন যে তার ভাইকে হত্যা করা হয়েছিল। ফ্রিম্যান জানান, তার বিশ্লেষণ সম্পূর্ণ স্বাধীন এবং মার্ক তাকে কোনো টাকা দেননি। তিনি জানান, এপস্টেইনের ওপর হামলার বেশ কয়েকটি লক্ষণ রয়েছে। এর মধ্যে তার বাম কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের চিহ্ন উল্লেখযোগ্য।
ফ্রিম্যান আরও জানান, প্রমাণগুলো ফাঁস ব্যবহার করে শ্বাসরোধ করার সাথেই বেশি মিলে যায়। পরে সম্ভবত একই ফাঁস ব্যবহার করে মৃতদেহটি বাঙ্ক বেড থেকে ঝুলিয়ে দেয়া হয়েছিল। এপস্টেইনের গলায় ফাঁসের চিহ্নের ওপরে নখের দাগ ছিল। এটি পেছন থেকে শ্বাসরোধ করার সময় ভুক্তভোগীর গলা থেকে ফাঁসটি সরিয়ে নেয়ার চেষ্টার প্রমাণ। ফ্রিম্যান জানান, আঘাত এবং যেভাবে মৃতদেহ পাওয়া গেছে, তার মধ্যে কোনো মিল নেই। তাই এর একমাত্র ব্যাখ্যা হলো তাকে হত্যা করা হয়েছে।
বিচার বিভাগের (ডিওজে) তদন্ত অনুযায়ী, এপস্টেইনকে প্রথমে দেখতে পাওয়া কারারক্ষী সাথে সাথে এক সহকর্মীকে ডাকেন। তারা তার দেহ মেঝেতে নামিয়ে আনেন এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাই মৃতদেহ নামানোর আগের কোনো ছবি পাওয়া যায়নি। এপস্টেইনকে হত্যার বিষয়ে কোনো ষড়যন্ত্র তত্ত্বের সাথে তিনি যুক্ত কিনা জানতে চাইলে ফ্রিম্যান জানান, তিনি একজন শিক্ষাবিদ এবং তিনি তথ্যভিত্তিক যেকোনো তত্ত্ব শুনতে প্রস্তুত। উল্লেখ্য, ২০০৮ সালে এক অপ্রাপ্তবয়স্কের পতিতাবৃত্তির অভিযোগে এপস্টেইন দোষী সাব্যস্ত হয়েছিলেন। এর ১১ বছর পর অল্পবয়সী মেয়েদের যৌন নেটওয়ার্ক চালানোর অভিযোগে তাকে পুনরায় অভিযুক্ত করা হয়েছিল।
