১৯ সংগঠন ছাড়ার সিদ্ধান্ত জয় চৌধুরীর

১৯ সংগঠন ছাড়ার সিদ্ধান্ত জয় চৌধুরীর

ফন্ট সাইজ:

এফডিসির চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি তুলেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তার নেতৃত্বে আর থাকতে চান না জানিয়ে ১৯টি সংগঠন থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয়। জয়ের অভিযোগ, শিল্পীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন হেলাল খান। এমনকি তাকে উদ্দেশ করে ‘বাস্টার্ড’ শব্দ ব্যবহার করে গালিগালাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া হেলালের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন বহিরাগত শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ জয়ের।

একই সঙ্গে শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং এর সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকির কথাও উল্লেখ করেন তিনি। জয় চৌধুরী বলেন, শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না—এমন কারও নেতৃত্বে তিনি থাকতে আগ্রহী নন। তার ভাষায়, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।’ ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধনকে ঘিরে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, দিঠি আনোয়ার, মৌসুমী চৌধুরী এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ সংশ্লিষ্ট অনেকে। এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি প্রাঙ্গণে জয়ের সঙ্গে কথা বলতে যান হেলাল খান।

একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জয়কে উদ্দেশ করে হেলাল খান ‘তুই ফ্যাসিস্ট’ বলে ধমক দিচ্ছেন। এ সময় শিল্পী সমিতির সামনে বসে থাকা কয়েকজনকেও ফ্যাসিস্ট আখ্যা দেন তিনি। হেলালকে বলতে শোনা যায়, ‘এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’ এই ঘটনার পরই ১৯ সংগঠনের আহ্বায়ক কমিটির নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন জয় চৌধুরী।