হুতিদের সঙ্গে লড়াইয়ে পিছু হটে কমান্ডার পরিবর্তন করলো সৌদি আরব

হুতিদের সঙ্গে লড়াইয়ে পিছু হটে কমান্ডার পরিবর্তন করলো সৌদি আরব

ফন্ট সাইজ:

ইয়েমেনে ইরান-মিত্র হুতি বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে সৌদি আরবের মিত্ররা। বিশাল এলাকা থেকে সৌদি মিত্ররা পিছু হটতে বাধ্য হওয়ার পরই পদক্ষেপ নিয়েছে রিয়াদ। জোটের তত্ত্বাবধানে থাকা সামরিক কমান্ডারকে সরিয়ে দিয়েছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে ইয়েমেনের গৃহযুদ্ধ আবার শুরু হয়। এরপর থেকেই সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে দ্রুত অগ্রসর হচ্ছে হুতিরা। রবিবার ইয়েমেন সরকার জানায়, তারা বাব আল-মান্দেব প্রণালির কাছের এলাকাগুলো থেকে পিছু হটছে। তারা এখন দক্ষিণ উপকূলের বন্দর নগরী এডেনে তাদের ঘাঁটি রক্ষার দিকে মনোযোগ দিচ্ছে। সোমবার ইয়েমেনের সামরিক বাহিনীর সদস্যরা জানান, হুতিরা এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে খোর ওমাইরাহ এলাকায় পৌঁছেছে।

সৌদি আরবের রাজা সালমানের জারি করা এক ডিক্রিতে জোটের কমান্ডে পরিবর্তনের কথা বলা হয়েছে। বর্তমান কমান্ডার ফাহাদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে চিফ অফ জেনারেল স্টাফ ফাইয়াদ আল-রুওয়াইলিকে যৌথ বাহিনীর কমান্ডিংয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। পশ্চিমা কূটনীতিকরা এই পরিবর্তনকে ইয়েমেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির জন্য নেয়া পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি জানান, এডেনের জন্য একটি মারাত্মক হুমকি তৈরি হয়েছে কারণ হুতিরা ক্রমশ কাছাকাছি চলে আসছে। এটি একটি বড় বিপর্যয়। সরকারের লক্ষ্য ছিল সানা পুনরুদ্ধার করা, কিন্তু এখন তারা এডেন রক্ষা করছে। সরকারি বাহিনীর মধ্যে বিভাজন ও অন্তর্দ্বন্দ্বের কারণে হুতিরা সুবিধা পাচ্ছে বলেও তিনি জানান।