অনেক বছর আগে, যখন ডা. ইয়াসমিন রশিদ বৃটেনে স্ত্রীরোগবিদ্যায় উচ্চতর পড়াশোনা করছিলেন, তখন তিনি কল্পনাও করতে পারেননি যে একদিন বিশ্ব রেকর্ডের অধিকারী হবেন এবং পাকিস্তানি নারীর এক নতুন প্রতিচ্ছবি হয়ে উঠবেন। তবে তার এই রেকর্ড চিকিৎসা ক্ষেত্রে নয়, রাজনীতিতে। ২০১০ সালে তিনি পাকিস্তান তেহরিকে ইনসাফে (পিটিআই) যোগ দেন। ২০২৩ সালের মে মাস থেকে তিনি লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারে বন্দি।
গত তিন বছরে ৭৬ বছর বয়সী এই নারীকে আটটি পৃথক মামলায় আটবার ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সব মিলিয়ে তার সাজা দাঁড়িয়েছে ৮০ বছর। তার আইনজীবী রানা মুদাসসার উমর জানিয়েছেন, এসব মামলায় বিভিন্ন ধারায় তাকে আরও সাজা দেয়া হয়েছে। সব সাজা একসঙ্গে যোগ করলে কারাদণ্ডের মেয়াদ ২৫০ বছর ছাড়িয়ে যাবে। তবে শুধু ঘোষিত সাজাগুলো হিসাব করলেও বিশ্বের যেকোনো নারী রাজনৈতিক বন্দির মধ্যে সবচেয়ে দীর্ঘ কারাদণ্ডের মুখে তিনি।
তুলনা করে দেখা যাক। মিয়ানমারের অং সান সু চিকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়। দুর্নীতির বিভিন্ন অভিযোগে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে সেই সাজা কমিয়ে ১৮ বছর করা হয় এবং কারাগার থেকে তাকে গৃহবন্দি অবস্থায় নেয়া হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে আদালত ২১ বছরের কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ডও দিয়েছেন। কিন্তু তিনি কারাগারে নেই। ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বসবাস করছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দ্বিতীয় একটি মামলায় তার ১০ বছর এবং তৃতীয় মামলায় সাত বছরের সাজা হয়েছে। সব মিলিয়ে তার কারাদণ্ডের মেয়াদ ৩৪ বছর।
পিটিআইয়ের সাবেক সংসদ সদস্য আলিয়া হামজা, সানাম জাভেদ ও ফালাক জাভেদও বিভিন্ন মামলায় সাজা ভোগ করছেন। ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন খান সম্প্রতি মুক্তি পেয়েছেন। তবে তৃতীয় বোন আলিমা খান এখনো কারাগারে। বেলুচ নেতা মাহরাং বেলুচকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তার আইনজীবী ইমান মাজহারিও স্বামী হাদি আলি চাথার সঙ্গে কারাগারে।
ডা. ইয়াসমিন রশিদের বিরুদ্ধে আরও ছয়টি মামলার বিচার চলছে। এসব মামলাতেও সাজা হলে তার ঘোষিত কারাদণ্ডের মেয়াদ ১০০ বছর ছাড়িয়ে যাবে। পাকিস্তানের আরেক নারী ডা. আফিয়া সিদ্দিকি ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রের কারাগারে ৮৬ বছরের সাজা ভোগ করছেন। আফগানিস্তানে মার্কিন সেনাদের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নিয়ে তাদের ওপর হামলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ২০০৩ সালে করাচি থেকে তার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে প্রথম সরব হয়েছিলেন ইমরান খান। ২০০৮ সালে আফগানিস্তানে তার সন্ধান পাওয়া যায়। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেন। ইতিমধ্যে ২৩ বছর ধরে তিনি মার্কিন হেফাজতে।
ডা. ইয়াসমিন রশিদের মতো আফিয়া সিদ্দিকির বিরুদ্ধেও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। ইয়াসমিন রশিদের সব সাজাই বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত থেকে দেয়া হয়েছে। ২০২৩ সালের ৯ মে একদিনে লাহোরের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসংযোগ ও দাঙ্গায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে আছেন পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমা, সাবেক সিনেটর এজাজ চৌধুরী, সাবেক প্রাদেশিক মন্ত্রী মিয়া মাহমুদুর রশিদসহ আরও অনেকে।
ডা. ইয়াসমিন রশিদ যে কারাগারে বন্দি রয়েছেন, সেখানে পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও নওয়াজ শরিফও বন্দি ছিলেন। ফাঁসি কার্যকরের কিছুদিন আগে ভুট্টো সেখানে একটি আমগাছের চারা রোপণ করেন। সেই চারা এখন বড় গাছে পরিণত হয়েছে। ভুট্টোর জামাতা, পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে যখন একই কারাগারে আনা হয়েছিল, তখন তিনিও কোট লাখপতে শ্বশুরের মতো একটি আমগাছের চারা রোপণ করেন। আজ পিটিআইয়ের বন্দিরা সেই চারার ফল খাচ্ছেন। হয়তো একদিন সেই ফল খাবেন তারাও, যারা এখন নিজেদের শাসনকে অজেয় মনে করছেন। কারণ, লাহোরের এই কারাগারে একসময় বন্দি থাকা সাবেক শাসকরাও নিজেদের অজেয় বলে বিশ্বাস করতেন।
২০২৬ সালের ১৪ নভেম্বর একই কারাগারের ভেতরে একটি সন্ত্রাসবিরোধী আদালতে শুনানি চলাকালে তার আইনজীবী রানা মুদাসসার উমর আদালতকে জানান, ডা. ইয়াসমিন রশিদের মেরুদণ্ডে অস্ত্রোপচার প্রয়োজন। তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আবেদনও জানান তিনি। এর আগেও আদালত তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন। পাশাপাশি হাঁপানিতেও ভুগছেন। একবার তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু পরে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
ডা. ইয়াসমিন রশিদের প্রতি সরকারের অতিরিক্ত কঠোর আচরণের পেছনে একটি ব্যাখ্যা থাকতে পারে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কারাগারে থেকেই তিনি জাতীয় পরিষদ নির্বাচনে নওয়াজ শরিফের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরাজিত হয়েও তিনি জয়ী হয়েছিলেন। কীভাবে পরাজয়ের মধ্যেও জয়ী হলেন? সে বিস্তারিত আলোচনায় যেতে চাই না। সবাই জানেন, বিপুল ব্যবধানে তিনি নওয়াজ শরিফকে পরাজিত করেছিলেন। কিন্তু পাকিস্তানের নির্বাচন কমিশন ফল পরিবর্তন করে দেয়।
শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই, ২০১৯ সালে এই চিকিৎসকই ছিলেন পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী। আর নওয়াজ শরিফ তখন সরকারের কারাগারে বন্দি। কারাগারে অসুস্থ হয়ে পড়লে আদালত সরকারকে একটি মেডিকেল বোর্ড গঠন করে প্রতিবেদন দিতে বলেছিলেন— নওয়াজকে হাসপাতালে নেয়া প্রয়োজন কি না। সেই সময় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডা. ইয়াসমিন রশিদ জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে আমাকে বলেছিলেন, নওয়াজ শরিফ সত্যিই অসুস্থ এবং কারাগারে তার চিকিৎসা সম্ভব নয়। এরপর আদালত তাকে সরাসরি কারাগার থেকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর নির্দেশ দেন। এমন ঘটনা ছিল নজিরবিহীন।
আজ ডা. ইয়াসমিন রশিদের চিকিৎসা সংক্রান্ত সব প্রতিবেদনেও বলা হচ্ছে, তার হাসপাতালে চিকিৎসা প্রয়োজন। অথচ নওয়াজ শরিফের মেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তাকে হাসপাতালে পাঠাচ্ছেন না। অসুস্থতা সত্ত্বেও ডা. ইয়াসমিন রশিদ কারাগারে দৃঢ়তা, সাহস ও সেবার এক দৃষ্টান্ত হয়ে বেঁচে আছেন। তার বিরোধীরা তাকে দণ্ডিত অপরাধী ও রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহী বলে অভিহিত করেন। কিন্তু কারাগারের সবার কাছে তিনি ‘ইয়াসমিন আপা’।
তিনি নারী বন্দিদের সহায়তা করেন। এমনকি কারাগারের কর্মীরাও চিকিৎসার জন্য তার কাছে আসেন। কারণ, আল্লাহ তার হাতে অসাধারণ রোগ নিরাময়ের ক্ষমতা দিয়েছেন। অনেক দরিদ্র নারী বন্দির মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন তিনি। আইনজীবীদের মাধ্যমে বহু দরিদ্র বন্দির মুক্তির ব্যবস্থাও করেছেন। কারাগারে বসে নিজেই সুন্দর সূচিকর্ম করেন এবং অন্য নারী বন্দিদেরও এ কাজের মাধ্যমে জীবিকা অর্জনে উৎসাহিত করেন। বন্দি অবস্থায় থেকেও ইয়াসমিন আপা পাকিস্তানের নারীদের গর্বে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। পাকিস্তানের প্রকৃত আয়রন লেডি তিনিই।
(লেখক জিও নিউজের সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ সাংবাদিক, উপস্থাপক ও কলাম লেখক। তার এ লেখাটি অনলাইন জিও নিউজ থেকে অনুবাদ)
