রাশিয়া ইউক্রেনের কিয়েভের প্রধান সেতুগুলোতে হামলা চালায়। এরপর টানা দ্বিতীয় দিনের মতো রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে রুশ ভূখন্ডকে সংযোগকারী সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রিমিয়ার মস্কো-নিয়োজিত গভর্নর সের্গেই আকসোনভ জানান, ইউক্রেনীয় বাহিনীর এই হামলার পর সেতুটিতে যান চলাচল স্থগিত রাখা হয়েছে। এর আগে সোমবার কার্চ সেতুর একটি আর্চে ড্রোন আঘাত হানে। ইউক্রেন দাবি করছে, এই সেতুটি তাদের সশস্ত্র বাহিনীর জন্য একটি বৈধ টার্গেট। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
এদিকে সোমবার গভীর রাতে রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি প্রধান সেতু ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, উত্তর ও দক্ষিণ সেতুতে এই হামলার ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজধানীর কিছু অংশে গরম পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী দিনে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি জানান, উত্তর কোরিয়া প্রতি মাসে রাশিয়াকে ডজন ডজন ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, যা ইউক্রেনসহ পুরো অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক।
যুদ্ধ অবসানের উপায় নিয়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশারের পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিদের সাথে ইউক্রেন নতুন করে অনলাইন আলোচনা করেছে বলে জেলেনস্কি জানান। বার্লিনে পরবর্তী বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে মস্কোয় ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়ে রাশিয়া এখনো সম্মত হয়নি। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, কিয়েভের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বা প্রায় ১৯ হাজার ৮৩৭ কোটি টাকার তহবিল ছাড়ের লক্ষ্যে একটি চুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।
