আসছেন নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

আসছেন নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

ফন্ট সাইজ:

পরবর্তী জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন। ‘টোয়াইলাইট’ ও ‘দ্য ব্যাটম্যান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া বৃটিশ অভিনেতা তিনি। তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে নিশ্চিত করা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। পোস্টে ০০৭ চরিত্রে প্যাটিনসনের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

৪০ বছর বয়সী প্যাটিনসন হবেন জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ডে অভিনয় করা সপ্তম অভিনেতা। ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা বন্ড সিরিজের ২৬তম চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। লন্ডনে জন্ম নেয়া এই অভিনেতা এক বিবৃতিতে বলেছেন, জেমস বন্ড চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।

নতুন বন্ড চলচ্চিত্রটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। তবে এখনো চলচ্চিত্রটির নাম ও মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। বিবৃতিতে প্যাটিনসন বলেন, তাকে এই চরিত্রের জন্য বিশ্বাস করার কারণে চলচ্চিত্রটির সৃজনশীল দলের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, এই চরিত্রে অভিনয় করা স্বপ্ন পূরণের মতো- এ কথা বললেও কম বলা হবে। এই অংশীদারিত্ব এবং অসাধারণ দলের সঙ্গে সামনের কাজ নিয়ে আমি এর চেয়ে বেশি রোমাঞ্চিত হতে পারি না।

ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র জগতে ব্যাপক জল্পনা চলছিল। বিনোদন জগতের সবচেয়ে আলোচিত এবং কঠোরভাবে পর্যবেক্ষণ করা চরিত্রগুলোর একটি জেমস বন্ড। নতুন ০০৭ চলচ্চিত্রটি হবে দীর্ঘদিনের বন্ড প্রযোজক বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসনের সরে দাঁড়ানোর পর প্রথম চলচ্চিত্র। সিরিজটির মূল প্রতিষ্ঠান এমজিএম অধিগ্রহণের পর অ্যামাজন এখন বন্ড ফ্র‍্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণ নিয়েছে। ২০২৮ সালে ২৬তম বন্ড চলচ্চিত্রটি মুক্তি পেলে আগের ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তির পর সাত বছর পেরিয়ে যাবে। ২০২১ সালে মুক্তি পাওয়া ওই চলচ্চিত্রের পরবর্তী ছবির জন্য এটিই হবে বন্ড সিরিজের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বিরতি।

পরিচালক ডেনিস ভিলনভ ‘ডিউন’ ট্রিলজি, ‘প্রিজনার্স’, ‘সিকারিও’, ‘অ্যারাইভাল’ এবং ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। অন্যদিকে চিত্রনাট্যকার স্টিভেন নাইট জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’ ও ‘হাউস অব গিনেস’-এর জন্য পরিচিত। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বার্নট’, ‘স্পেন্সার’ ও ‘লক’। ‘ডিউন: পার্ট থ্রি’ চলচ্চিত্রে ভিলনভের সঙ্গে ইতিমধ্যে কাজ করেছেন প্যাটিনসন। সেখানে নতুন খলচরিত্র সাইটেলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আগামী মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা।


প্যাটিনসনকে জেমস বন্ড হিসেবে নির্বাচনের প্রতিক্রিয়ায় পরিচালক ভিলনভ বলেছেন, সবার আগে এই যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হওয়া অসাধারণ অভিনেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আরও বলেন, আমরা অসাধারণ প্রতিভাবানদের সঙ্গে কাজ করেছি। কিন্তু ০০৭ হতে পারেন কেবল একজনই। নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভিলনভের ভাষায়, তার মধ্যে ০০৭-এর চিরায়ত বৈশিষ্ট্য রয়েছে। একই সঙ্গে তিনি সম্পূর্ণ নতুন এক ধরনের উদ্দীপনা নিয়ে আসছেন। কাজ শুরু করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। প্যাটিনসনকে বন্ড হিসেবে স্বাগত জানিয়েছে বাকিংহাম প্যালেসও। ইনস্টাগ্রামে প্রকাশিত এক পোস্টে খবরটি জানিয়ে বলা হয়েছে, ‘মহামান্যের সিক্রেট সার্ভিসে স্বাগতম, মিস্টার বন্ড।’

১৯৬৯ সালের চলচ্চিত্র ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’-এ জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করা অস্ট্রেলীয় অভিনেতা জর্জ ল্যাজেনবিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে প্যাটিনসনকে স্বাগত জানিয়েছেন। তিনি প্যাটিনসনকে বিশ্বের ‘সবচেয়ে অভিজাত ক্লাবে’ স্বাগত জানিয়ে বলেন, নিজের কাজ উপভোগ করতে ভুলবেন না। দেখা যাক, আপনার ক্ষেত্রেও এমন কোনো মুহূর্ত আসে কি না, যখন বলতে পারবেন- এমন ঘটনা অন্য লোকটির সঙ্গে কখনো ঘটেনি। শেষে তিনি বলেন, শুভকামনা বন্ধু।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকজন অভিনেতার নাম জেমস বন্ড চরিত্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিল। তাদের মধ্যে ছিলেন জশ ও’কনর, ক্যালাম টার্নার ও জ্যাক লোডেন। এ চরিত্রের জন্য তাদের স্ক্রিন টেস্টও নেয়া হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত পরিচিত মুখ প্যাটিনসনকেই বেছে নিয়েছে অ্যামাজন এমজিএম। চলচ্চিত্র ব্যবসায় তারকাখ্যাতি ও দর্শক টানার ক্ষমতা বিবেচনায় তাকে তুলনামূলক নিরাপদ পছন্দ হিসেবে দেখা হচ্ছে। প্রযোজক অ্যামি পাসকাল ও ডেভিড হেইম্যান বলেছেন, রবার্ট প্যাটিনসনের হাতে জেমস বন্ডের ঐতিহ্য নিরাপদ থাকবে।

তাদের ভাষায়, একজন অভিনেতা হিসেবে তিনি নির্ভীক, নিজের সম্পর্কে রসবোধ এবং বারবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করার ক্ষমতা তাকে আমাদের সময়ের জন্য নিখুঁত বন্ডে পরিণত করেছে। ৪০ বছর বয়সে প্যাটিনসন বন্ড চরিত্রের জন্য অডিশন দেয়া অভিনেতাদের মধ্যে তুলনামূলক বেশি বয়সীদের একজন বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল, প্যাটিনসনের সঙ্গে চুক্তিতে তিনটি চলচ্চিত্রে ০০৭ চরিত্রে অভিনয়ের শর্ত রয়েছে। অন্য কয়েকজন অভিনেতার সঙ্গে চারটি চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে আলোচনা হয়েছিল বলেও খবর প্রকাশিত হয়। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ চলচ্চিত্রে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান রবার্ট প্যাটিনসন।

এরপর স্টিফেনি মায়ারের বেস্ট সেলার উপন্যাস অবলম্বনে নির্মিত জনপ্রিয় ‘টোয়াইলাইট’ চলচ্চিত্র সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করেন তিনি। ক্রিস্টেন স্টুয়ার্টের বিপরীতে মোট পাঁচটি ‘টোয়াইলাইট’ চলচ্চিত্রে দেখা গেছে তাকে। বিশ্বজুড়ে এসব চলচ্চিত্রের সম্মিলিত আয় ৩০০ কোটি ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এরপর ২০২২ সালের ‘দ্য ব্যাটম্যান’ এবং চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’-এর মতো বড় বাজেটের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে বড় বাজেটের চলচ্চিত্রের পাশাপাশি ছোট পরিসরের চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চলচ্চিত্রশিল্পে প্রশংসিত প্যাটিনসন। বিশেষ করে স্বাধীন ধারার, নিরীক্ষাধর্মী ও আর্টহাউস চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসা পেয়েছে। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দ্য লাইটহাউস’, ‘মিকি ১৭’, ‘লাইফ’, ‘দ্য ড্রামা’, ‘গুড টাইম’, ‘দ্য রোভার’, ‘বে আলামি’, ‘প্রাইমটাইম’, ‘টেনেট’ এবং ‘দ্য লস্ট সিটি অব জেড’।

জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা আগের ছয় অভিনেতার ধারাবাহিকতায় এবার সপ্তম অভিনেতা হিসেবে যুক্ত হচ্ছেন প্যাটিনসন। এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান এবং ড্যানিয়েল ক্রেগ। ড্যানিয়েল ক্রেগ মোট পাঁচটি বন্ড চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে শুরু হয়েছিল তার বন্ড-যাত্রা। লেখক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্টি এই গোয়েন্দা চরিত্রে টানা ১৬ বছর অভিনয় করেছেন তিনি।