শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

ফন্ট সাইজ:

ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে রোববার সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করার সুযোগ রয়েছে। এছাড়া উৎপাদন চালিয়ে যেতে না পারায় ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন চালানো সম্ভব না হলে রোববার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ওই ধারায় কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে।
এদিকে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান জানান, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিনি বলেন, শ্রম আইনের ১৩(১) ধারায় যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন তাদের কেউ কেউ আবার কারখানা চালুর কথা ভাবছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও একই ধরনের আশ্বাস দিয়েছেন।

রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাময়িক ছাঁটাই ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধসহ বিভিন্ন কারণে কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করলেও কাজে যোগ দেননি। তবে তাদের কেউ কেউ পরে কাজে ফিরেছেন।