নিবন্ধন বিভাগের জন্য পৃথক ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’ গঠনসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সাব-রেজিস্ট্রারদের পদোন্নতি, জেলা রেজিস্ট্রারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য বিশেষায়িত একাডেমি প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে এসব দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।
দাবিগুলো হলোÑ দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি করা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বর্তমান পদোন্নতি কাঠামোয় একজন সাব-রেজিস্ট্রারের জেলা রেজিস্ট্রার হতে ২০ থেকে ২৫ বছর সময় লেগে যায়। বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রারের স্থায়ী পদ সৃষ্টি করা। এতে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে এবং প্রতারণা কমবে বলে মনে করছে সংগঠনটি। জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করা। সংগঠনটি বলছে, অন্যান্য দপ্তরে উপজেলা ও জেলা পর্যায়ের প্রধানরা সরকারি গাড়ির সুবিধা পেলেও জেলা রেজিস্ট্রাররা এ সুবিধা থেকে বঞ্চিত। নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা এবং কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো। প্রতিটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন নিবেদিত কম্পিউটার অপারেটর নিয়োগ এবং দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের সুযোগ-সুবিধা বাড়ানো। দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা নির্ধারণ, প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করা এবং দৈনিক ৬০ টাকা পারিশ্রমিকে কাজ করা উমেদারদের বেতন যুগোপযোগী করার দাবি জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প বাস্তবায়নের ফলে দলিল লেখকদের পেশা হারানোর শঙ্কা তৈরি হওয়ায় এ পেশা বহাল রাখার নিশ্চয়তা চেয়েছেন তারা।
অনুষ্ঠানে নিবন্ধন বিভাগের পাঁচটি অগ্রগতির কথাও তুলে ধরেন সংগঠনের মহাসচিব। এর মধ্যে রয়েছে সম্পত্তি হস্তান্তর আইনে নতুন দুটি ধারা সংযোজন, ২০২৫ সালের নিয়োগ বিধিমালা প্রকাশ, সাব-রেজিস্ট্রারের শূন্য পদে নিয়োগের উদ্যোগ, ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদন এবং পৃথক ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’ সৃষ্টির প্রস্তাব জমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রমজান খান। বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এ ছাড়া আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ উপস্থিত ছিলেন।
পৃথক ক্যাডার গঠনসহ নিবন্ধন বিভাগের ৬ দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার
অনলাইন
৫০ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৬ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
